ব্যুরো চিফ, খুলনা
খুলনার কয়রায় অবৈধ বালু উত্তোলনের ফলে কপোতাক্ষ নদীর ভাঙন প্রতিরোধ ও বালু সিন্ডিকেটের ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কয়রা সদর উপজেলার হরিণখোলা এলাকায় কপোতাক্ষ নদীর ভাঙনকবলিত স্থানে এলাকার ভুক্তভোগী মানুষের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম শেখ, স্থানীয় জামায়াতের আমির আব্দুল হাই সিদ্দিকী, ব্যবসায়ী মো. রাশেদ আলী, মামুদা খাতুন, শামসুর শেখ, মুকুল সানা, শাহবুদ্দিন সরদারসহ ভুক্তভোগী এলাকাবাসী বক্তব্য দেন।
মানববন্ধনের বক্তারা বলেন, গত প্রায় দুই যুগ ধরে কয়রার কপোতাক্ষ নদীর বেড়িবাঁধ দশ দফা ভাঙনে হরিণখোলা, ঘাটাখালি, ২নং কয়রা, মদিনাবাদসহ আটটি গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। এ বাঁধ মেরামতের জন্য দুই শতাধিক কোটি টাকা বরাদ্দ করা হলেও ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসররা লুটপাট করে খাওয়ায় এখনো নদীর বাঁধ ভেঙে যাচ্ছে। এমনকি বেড়িবাঁধের কাছ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে কোনোভাবেই ভাঙন ঠেকানো যাচ্ছে না। যুবলীগ নেতা হারুনুর রশিদ ও আবু ইছার নেতৃত্বে একটি সিন্ডিকেট এলাকার মানুষকে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আবারও অবৈধভাবে বালু উত্তোলন করায় বাঁধ চরম হুমকিতে পড়েছে।
ভুক্তভোগী এলাকাবাসী অবৈধ বালু উত্তোলন বন্ধ, বালু সিন্ডিকেটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং কপোতাক্ষ নদীর পাড়ে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।








