শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শক্তিশালী পাসপোর্ট সূচকে শীর্ষ ১০ থেকে বাদ পড়ল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক 

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বড় অবনমন ঘটেছে যুক্তরাষ্ট্রের। হেনলি পাসপোর্ট সূচক চালুর পর ২০ বছরের ইতিহাসে এবারই প্রথম দেশটি শীর্ষ ১০ থেকে বাদ পড়েছে। সর্বশেষ প্রকাশিত সূচকে মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে যুক্তরাষ্ট্রের অবস্থান এখন ১২তম।

১৪ অক্টোবর যুক্তরাজ্যভিত্তিক অভিবাসন বিনিয়োগ পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স এক বিজ্ঞপ্তিতে সূচকের এ তথ্য জানায়।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, ২০১৪ সালে যুক্তরাষ্ট্র ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশ। পরের বছর নেমে আসে দ্বিতীয় স্থানে, ২০২৩ সালে ছিল সপ্তম—আর এবার দ্বাদশ স্থানে নেমে গেছে। বর্তমানে মার্কিন নাগরিকরা বিশ্বের ২২৭টি গন্তব্যের মধ্যে ১৮০টিতে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন।

হেনলি অ্যান্ড পার্টনার্স জানিয়েছে, আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ)–এর তথ্যের ভিত্তিতে এই সূচক প্রস্তুত করা হয়। বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য বিশ্লেষণ করে দেখা হয়—কোন দেশের নাগরিকেরা আগাম ভিসা ছাড়া বা ভিসামুক্ত সুবিধায় কতটি দেশে যেতে পারেন। সেই সংখ্যার ওপর ভিত্তি করেই পাসপোর্টের শক্তি নির্ধারণ করা হয়।

যুক্তরাষ্ট্রের এই অবনমনের পেছনে রয়েছে একাধিক দেশে প্রবেশাধিকারের সীমাবদ্ধতা। গত এপ্রিলে পারস্পরিক সুবিধা না থাকায় ব্রাজিলে ভিসামুক্ত প্রবেশাধিকার হারায় যুক্তরাষ্ট্র। তাছাড়া চীনের ভিসামুক্ত তালিকায় দেশটির অনুপস্থিতি, পাপুয়া নিউগিনি ও মিয়ানমারের কড়াকড়ি সিদ্ধান্তও যুক্তরাষ্ট্রের স্কোর কমিয়ে দেয়। সম্প্রতি সোমালিয়ার নতুন ই-ভিসা পদ্ধতি চালু এবং ভিয়েতনামের ভিসামুক্ত তালিকা থেকে যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়ার সিদ্ধান্তেই দেশটি শীর্ষ দশ থেকে ছিটকে পড়ে।

শুধু যুক্তরাষ্ট্র নয়, অবনমন ঘটেছে যুক্তরাজ্যের পাসপোর্টেরও। ২০১৫ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের মালিক ছিল যুক্তরাজ্য, কিন্তু এবার তা নেমে গেছে অষ্টম স্থানে। গত জুলাইয়ে দেশটির অবস্থান ছিল ষষ্ঠ।

বিশ্লেষকদের মতে, বিশ্বজুড়ে ভূরাজনৈতিক টানাপোড়েন, অভিবাসন নীতির পরিবর্তন এবং পারস্পরিক ভিসা চুক্তির জটিলতাই যুক্তরাষ্ট্রের এই পতনের মূল কারণ। অন্যদিকে, এশিয়ার কয়েকটি দেশ—যেমন সিঙ্গাপুর, জাপান ও দক্ষিণ কোরিয়া—অবাধ ভ্রমণ সুবিধার কারণে সূচকে তাদের শক্ত অবস্থান ধরে রেখেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ