ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে গ্যারেজে বসে মাদক সেবনরত অবস্থায় এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ১৫ দিনের কারাদণ্ড ও একশ টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম শাহরিয়ার আহমেদ খান নিজামি (৫০)। তিনি ফরিদপুর মুসলিম মিশন গ্রানাডা স্কুলের প্রধান শিক্ষক।
জানা গেছে, সম্প্রতি ফরিদপুর শহরের গুহ লক্ষ্মীপুর মহল্লায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমানের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের সময় জনৈক রতন ঢালীর রিকশা গ্যারেজ থেকে পঞ্চাশ গ্রাম গাঁজা ও পাঁচ পিস ইয়াবাসহ শাহরিয়ার আহমেদ খান নিজামিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান মোবাইল কোর্টে তাকে ১৫ দিনের কারাদণ্ড ও একশ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেন বলেন, “ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের সময় ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়।”
তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন। আসামিকে ১৫ দিনের কারাদণ্ড ও একশ টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।








