ডিজিটাল ডেস্ক
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নেওয়া ‘জুলাই যোদ্ধাদের’ সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘর্ষের ঘটনা ঘটে।
শুক্রবার (১৭ অক্টোবর) বেলা সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ‘জুলাই যোদ্ধাদের’ সরিয়ে দিলে তারা ক্ষুব্ধ হয়ে সংসদ ভবন এলাকা থেকে বেরিয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে চলে আসে। সেখানে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়ি, বেশ কয়েকটি ট্রাক ও বাসে ভাঙচুর চালায় তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে এবং ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় আন্দোলনকারীদের। এতে রাস্তার আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে দুপুর ১২টার দিকে বিভিন্ন দাবিতে জুলাই সনদ স্বাক্ষরের মঞ্চের সামনে অবস্থান নেয় ‘জুলাই শহীদ পরিবার ও আহত’ ব্যক্তিরা। তাদের দাবি না মানায় বিক্ষোভ ক্রমে সহিংস রূপ নেয়।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।








