শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগকে পুনর্বাসন করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে : রহমাতুল্লাহ

ব্যুরো চিফ, বরিশাল

বিশেষ একটি মহল আওয়ামী লীগকে পুনর্বাসন করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-৫ (সদর) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের উত্তর চরকরনজী হাইস্কুল মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন—একটি মহল আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিজেদের ফায়দা হাসিলের লক্ষ্যে স্থানীয় পর্যায়ের অনেক আওয়ামী লীগ নেতা-কর্মীকে নিজেদের দলে একদিকে পুনর্বাসিত করছে, অপরদিকে বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার ও মিথ্যা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ওই মহলটি আগামী নির্বাচনে ঘোলা পানিতে মাছ শিকারে ব্যস্ত হয়েছে। এরা বিভিন্ন লেবাসে ও বিভিন্ন পদ্ধতিতে গ্রামে-গঞ্জে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত রয়েছে।

সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ও যুবসমাজের খেলাধুলা প্রসঙ্গে তিনি আরও বলেন, বিগত সরকার স্বাস্থ্য খাতকে লুটেপুটে খেয়েছে। হাসপাতালে সরঞ্জামাদি না কিনে বিল তুলে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে স্বৈরাচারের দোসররা। ক্রীড়াঙ্গনকেও দলীয়করণের বাইরে রাখেনি তারা।

রহমাতুল্লাহ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে আগামী দিনের রাষ্ট্র গঠন করতে পারলে স্বাস্থ্য খাত ও ক্রীড়াঙ্গনকে দলীয়করণ ও দুর্নীতিমুক্ত করে সাধারণ মানুষের উপযোগী করে ঢেলে সাজানো হবে। যার সুফল দেশের সব মানুষ ও যুবসমাজ প্রত্যক্ষভাবে ভোগ করবে। এ সময় তিনি আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে সবার কাছে ভোটের আহ্বান জানান।

চরকাউয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মামুন সরদার গনীর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহাত তালুকদার, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বিপ্লব হাওলাদার, বিশিষ্ট সমাজসেবক কবির হাওলাদার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ