খেলা ডেস্ক
পাকিস্তানের বিমান হামলায় তিন স্থানীয় ক্রিকেটারের মৃত্যুর ঘটনায় পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে নির্ধারিত ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়িয়েছে আফগানিস্তান। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) শুক্রবার (১৭ অক্টোবর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
বিবৃতিতে জানানো হয়, পাকিস্তান আফগানিস্তানের পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে, এতে তিন স্থানীয় ক্রিকেটার নিহত হন। নিহতরা প্রদেশের রাজধানী শারানায় একটি প্রীতি ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন।
এসিবি বলেছে, “আমাদের তিন ক্রিকেটারের মৃত্যু ক্রীড়া কমিউনিটির জন্য গভীর শোকের বিষয়। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।”
আগামী মাসে পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও লাহোরে পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে এই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইএসপিএনের তথ্য অনুযায়ী, সিরিজটি ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত হওয়ার পরিকল্পনা ছিল।
ইএসপিএনের প্রতিবেদনে আরও বলা হয়, গত দুই সপ্তাহ ধরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে ব্যাপক উত্তেজনা চলছে। পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের বিভিন্ন স্থানে শতাধিক মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে।
দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই সিরিজ আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।








