শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জেলেদের হামলা থেকে বাঁচতে ২০ রাউন্ড গুলি : পাঁচজন আহত

ব্যুরো চীফ, বরিশাল

মা ইলিশ রক্ষার অভিযান পরিচালনাকারী মৎস্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলা চালিয়েছে অসাধু জেলেরা।

একপর্যায়ে জেলেদের হামলা থেকে বাঁচতে ২০ রাউন্ড গুলি ছুড়েছে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা। এসময় দুই জেলে গুলিবিদ্ধসহ জেলেদের হামলায় অভিযানিক দলের তিন সদস্য আহত হয়েছেন।

শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম জানিয়েছেন, সদর উপজেলার কালাবদর নদীতে ওইদিন বিকেলে একটি নৌকা ইলিশ শিকারে আইন অমান্য করে জাল ফেলে। সেই জাল জব্দ ও সংশ্লিষ্ট জেলেকে আটক করতে অভিযানিক দল স্পিডবোট নিয়ে নৌকার কাছে পৌঁছানোর চেষ্টা করে। তখন অভিযুক্ত জেলে অন্যান্য জেলেদের মোবাইল ফোনে কল দিয়ে বিষয়টি জানায়। এরপর ৭/৮টি ট্রলার ভর্তি করে জেলেরা এসে অভিযানিক দলের ওপর ইট-পাটকেল নিক্ষপসহ লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।

সূত্রমতে, স্পিডবোটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম, বরিশাল মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষসহ অন্যান্য কর্মকর্তারা ছিলেন। এসময় জেলেদের ছোড়া ইটের আঘাতে অভিযানিক দলের তিন সদস্য আহত হয়। হামলা থেকে বাঁচতে স্পিডবোটে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ১৮ রাউন্ড রাবার বুলেট এবং ২ রাউন্ড ছররা গুলি ছোড়ে। এতে দুই জেলে গুলিবিদ্ধ হয়। আহত জেলেরা মেহেন্দিগঞ্জের ভাষানচরের একটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম বলেন, আমরা এখনও হামলাকারি জেলেদের আটক করতে পারিনি। তাদের শনাক্তের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ