শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সরকারি চাকরি ছেড়ে বিএনপির রাজনীতিতে হয়েছেন সক্রিয়

ব্যুরো চিফ, বরিশাল

রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের উদ্দেশ্যে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। তৎকালীন সময় রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খননের উদ্বোধন করতে এসেছিলেন বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কান্ডপাশা এলাকায়।

সেই সময় আবদুস সোবহান ছিলেন ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। জিয়াউর রহমানকে কাছ থেকে দেখে ছাত্রজীবনেই তার (জিয়াউর রহমান) আদর্শে অনুপ্রাণিত হয়েছেন আবদুস সোবহান।

পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং পাশ করে সড়ক ও জনপথ বিভাগের ইঞ্জিনিয়ার হিসেবে সরকারি চাকরি নিয়েছিলেন ইঞ্জিনিয়ার আবদুস সোবহান। কিন্তু রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশসেবার আদর্শ তাকে সবসময় অনুপ্রেরণা দিতে থাকে। ফলশ্রুতিতে স্বেচ্ছায় সরকারি চাকরি ছেড়ে বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়েছেন ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।

সেই থেকে একটানা ৪০ বছর ধরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য জনসেবামূলক কাজ শুরু করে আপামর জনসাধারণের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা হলেও ছাত্রজীবনে আবদুস সোবহান পড়াশোনা করেছেন গৌরনদীতে। তার বাবা ছিলেন একাধিকবারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান। ছাত্রজীবন থেকেই তিনি (সোবহান) এলাকার অসহায় গরিব-দুঃখী মানুষের কষ্ট সহ্য করতে পারতেন না। যেকারণে বাবার দেওয়া শিক্ষায় তিনি নিজের অর্থ দিয়ে অসহায় গরিব-দুঃখীদের সাহায্য-সহযোগিতা করে আসছেন।

পবিত্র ঈদুল ফিতরের সময় তিনি (ইঞ্জিনিয়ার আবদুস সোবহান) গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের গরিব অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ, শীতের সময় শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন এলাকায় মসজিদ, মাদরাসা ও এতিমখানা নির্মাণের জন্য নিজস্ব অর্থায়নে সহযোগিতা করে আসছেন। তেমনি প্রতিটি ওয়াজ মাহফিলে অনুদান ও বিভিন্ন এতিমখানায় খাদ্য সহায়তা বিতরণের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মন্দির উন্নয়ন, নামকীর্তনসহ প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা প্রদান করে আসছেন।

বিগত ওয়ান ইলেভেন থেকে শুরু করে বিএনপির দুর্দিনে দলের নেতাকর্মীদের নিয়ে প্রতিটি আন্দোলন-সংগ্রামে রাজপথে সরব থাকা ইঞ্জিনিয়ার আবদুস সোবহান একাধিকবার হামলার শিকার হয়েছেন। এছাড়াও তিনি (সোবহান) অসংখ্য মামলায় কারাভোগ করেছেন। তারপরও তিনি দলের বরিশাল-১ আসনের প্রতিটি নেতাকর্মীর সুখ-দুঃখের সাথী হয়ে সর্বদা পাশে দাঁড়িয়েছেন।

বিগত পতিত সরকারের সময়ে কারাবরণ করা দলের নেতাকর্মীদের নিজ অর্থে তিনি (আবদুস সোবহান) জামিনে বের করার মাধ্যমে দলের নেতাকর্মীদের কাছে একমাত্র আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছেন। তিনি দীর্ঘদিন গৌরনদী উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

ফলশ্রুতিতে একজন ক্লিন ইমেজের নেতা হিসেবে বরিশাল-১ আসন থেকে বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ার আবদুস সোবহানকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী করা হয়। ওই সময় দলের বিদ্রোহী প্রার্থী থাকা সত্ত্বেও দলীয় অপর এক নেতার দায়ের করা মামলায় দীর্ঘদিন আদালতে ঘুরে নির্বাচনের মাত্র সাত দিন পূর্বে তিনি (সোবহান) ভোটের মাঠে নামেন। তাতেও তিনি নির্বাচনের মাঠে ব্যাপক চমক দেখিয়ে প্রায় ৭৪ হাজার ভোট পেয়েছিলেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান দীর্ঘদিন ধরে দলের নেতাকর্মীদের নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্নের ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার প্রতিটি গ্রামের ভোটারের দ্বারে দ্বারে ছুটে চলেছেন। যেকারণে দলের নেতাকর্মী ও সমর্থক থেকে শুরু করে সর্বস্তরের জনসাধারণের কাছে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান একজন ক্লিন ইমেজের নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ