সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম আব্দুর রব মোল্লা (৪০)। এ ঘটনায় স্বর্ণের চেইন ও নগদ টাকাও লুটের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে উপজেলার বালুরচর ইউনিয়নের চর বয়রাগাদি গ্রামে। আহত আব্দুর রব বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তাঁর বড় ভাই নোয়াব মোল্লা (৫৭) প্রতিবেশী জব্বর, গোল হোসেন, আবুল হোসেন, খলিল মিয়া ও নাছিমার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত গোল হোসেন বলেন, রব মোল্লা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমাদের সঙ্গে জমি নিয়ে পাঁচ বছর ধরে মামলা চলছে। আমরা আদালতের প্রতি আস্থাশীল। আপসনামায় রাজি না হওয়ায় তারা আমাদের ওপর হামলা চালিয়েছে।
এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।








