ব্যুরো চীফ, বরিশাল
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন—একটি পক্ষ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করে তুলতে চাচ্ছে। দেশকে তারা যতই অস্থিতিশীল করার চেষ্টা করুন না কেন, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতেই হবে।
ক্লিন ইমেজের প্রার্থীখ্যাত ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেছেন—ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হলে ধানের শীষের পক্ষে দেশে ভোট বিপ্লব হবে। এ দেশের শান্তিকামী মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
রবিবার (১৯ অক্টোবর) বিকেল থেকে বাদ এশা পর্যন্ত বিলাসী গাড়ি ছেড়ে ভ্যানযোগে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মাঝে রাষ্ট্র মেরামতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সম্পর্কে পৃথক অবহিতকরণ সভায় অংশগ্রহণ করেন ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেছেন, পতিত আওয়ামী লীগের নেতারা দেশটাকে লুটপাট করে বিদেশে পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিএনপি আপামর জনসাধারণের দল। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে সকলে বসবাস করতে পারবেন।

মাহিলাড়া ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল লোকমান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার সাদাত তোতা, বাটাজোর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আকতার হোসেন বাবুল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহে আলম ফকির, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহবুবুল ইসলাম, গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মালেক আকন, আগৈলঝাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক শোভন ইসলাম মনির, গৌরনদী উপজেলা যুবদলের আহ্বায়ক মনির হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ মিলন প্রমুখ।
শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার পরিবারের সকল সদস্যের সুস্থতা কামনাসহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত বিএনপি নেতাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।
সবশেষে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান মাহিলাড়া ইউনিয়নের বিভিন্ন হাট ও বাজারে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেন।








