ব্যুরো চীফ, বরিশাল
ব্যাংক থেকে গ্রাহকের টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় দুই ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে বুধবার (২২ অক্টোবর) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার মেদাকুল বাজারে।
আটককৃতরা হলো—মাদারীপুরের শিবচর উপজেলার চর কামারকান্দি গ্রামের চাঁন মিয়া ভূঁইয়ার ছেলে আবু জাফর এবং মাদারীপুর সদর উপজেলার হাজিরহাওলা গ্রামের বাসিন্দা আব্দুস সামাদ খান।
ভুক্তভোগী ব্যাংক গ্রাহক জাহানারা বেগম বলেন, বুধবার (২২ অক্টোবর) দুপুরে মেদাকুল বাজারের সোনালী ব্যাংকের শাখা থেকে দুই লাখ টাকা উত্তোলন করে এক লাখ টাকা আমার স্বামীর হাতে দিয়ে আরেক লাখ টাকা গণনা করছিলাম। এরই মধ্যে এক ব্যক্তি আমার হাত থেকে টাকা ছিনতাই করে দৌড়ে পালায়। আমি চিৎকার করে ওই ছিনতাইকারীর পিছু নেই। এ সময় আমার চিৎকারে ব্যাংকের নিরাপত্তাকর্মী ও স্থানীয়রা ধাওয়া করে ওই ব্যক্তিকে আটক করে। পরবর্তীতে আটককৃত ছিনতাইকারীর সহযোগীকেও আটক করা হয়।
বাজারের ব্যবসায়ী ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্যাংকে নারী গ্রাহকের টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে দুই ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। পরে থানা পুলিশকে খবর দিয়ে আটককৃতদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে তাৎক্ষণিক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুই ছিনতাইকারীকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।








