বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ দিনের নির্দেশ ২৫ দিনেও কার্যকর হয়নি

ব্যুরো চীফ, বরিশাল

আবাসিক এলাকা থেকে অনুমোদনবিহীন এলপিজি গ্যাস ডিপো সরিয়ে নিতে জেলা প্রশাসনের নির্দেশ অমান্য করেছে অমেরা পেট্রোলিয়াম লিমিটেডের কর্তৃপক্ষ। নিরাপত্তাজনিত কারণে সাত দিনের মধ্যে ডিপো সরানোর নির্দেশ দেওয়ার ২৫ দিন অতিবাহিত হলেও জেলা প্রশাসনের সেই নির্দেশ কার্যকর করা হয়নি।

শুক্রবার (২৪ অক্টোবর) জানা গেছে, বরিশাল র‌্যাব-৮ এর কার্যালয়ের বিপরীতে এবং বাংলাদেশ বেতার বরিশালের কার্যালয়ের পাশে আবাসিক এলাকায় অমেরা পেট্রোলিয়াম লিমিটেড অনুমোদনবিহীনভাবে এলপিজি সিলিন্ডারের ডিপো স্থাপন করে ব্যবসা পরিচালনা করছে। এতে ওই এলাকার সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।

এ কারণে ওই এলাকার ‘মায়ের দোয়া’ নামের ছয়তলা ভবনের মালিক আনিসুর রহমান গ্যাস ডিপো সরিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেন।

জেলা প্রশাসক বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ও বিস্ফোরক পরিদপ্তরের সহকারী বিস্ফোরক পরিদর্শককে নির্দেশ দিয়েছেন। পরবর্তীতে বিষয়টির তদন্ত করে গত ১৮ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিল করা হয়।

সূত্রে আরও জানা গেছে, ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, বরিশাল সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ বেতার কেন্দ্র সংলগ্ন রূপাতলী এলাকায় ‘মায়ের দোয়া’ নামের ছয়তলা আবাসিক ভবনের পাশে অমেরা পেট্রোলিয়াম লিমিটেড অনুমোদনবিহীনভাবে এলপিজি সিলিন্ডারের ডিপো স্থাপন করে ব্যবসা পরিচালনা করছে। এমন কার্যক্রম ‘তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিধিমালা, ২০০৪ (সংশোধিত ২০১৬)’ এর ৮৯ বিধির পরিপন্থী এবং জননিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফলে প্রতিষ্ঠানটিকে (ডিপোটি) অবিলম্বে আবাসিক এলাকার বাইরে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়।

সূত্রমতে, তদন্ত প্রতিবেদনের পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অমেরা পেট্রোলিয়াম লিমিটেডকে সাত দিনের মধ্যে গ্যাস ডিপো অপসারণের নির্দেশ দিয়েছেন। নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডারের ডিপো থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। তারা দ্রুত ডিপো অপসারণের দাবি করেন।

এলপিজি গ্যাসের ডিলার মোহাম্মদ সোহেল বলেন, আমি এই ডিপো স্থাপনের জন্য জমির মালিককে ২২ লাখ টাকা অগ্রিম দিয়েছি। জনগণের ক্ষতি করে আমি এখানে ডিপো রাখতে চাই না। এখানে ঝুঁকি আছে। জমির মালিকের কাছে টাকা ফেরত চাওয়া হয়েছে। টাকা পেলেই ডিপো অন্যত্র সরিয়ে নেওয়া হবে।

তবে নির্দেশনার ২৫ দিন পরেও এখনো গ্যাস ডিপো না সরানোর বিষয়ে অমেরা পেট্রোলিয়াম লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার মো. মাসুম বিল্লাহ বলেন, আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে। খুব শীঘ্রই প্রশাসনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, গ্যাসের ডিপো সরিয়ে নিতে সাত দিনের সময় দেওয়া হয়েছিল। এখনো তারা ডিপো সরিয়ে না নেওয়ায় দ্রুত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ