(ফাইল ছবি)
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাই উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১১ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার কুলঞ্জ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কুলঞ্জ গ্রামের সাবেক মেম্বার ইলিয়াস মিয়া ও বর্তমান মেম্বার মাহবুব মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জেরে আজ দুপুরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আটজন সিলেটে প্রেরণ
গুলিবিদ্ধ গুরুতর আহতদের মধ্যে রয়েছেন—বশর মিয়া তালুকদার (৬০), ফুল মিয়া তালুকদার (৪৫), আলফু মিয়া তালুকদার (৩৫), কয়েস মিয়া তালুকদার (৫৫), ইকবাল মিয়া তালুকদার (৩২), কাহার মিয়া তালুকদার (৪০), জহির মিয়া তালুকদার (৪৫) ও কিশোর মাহিম (১৪)। তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. পিন্টু দাস বলেন, “গুলিবিদ্ধ অবস্থায় কয়েকজনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর অবস্থায় আটজনকে সিলেটে রেফার করা হয়েছে।”
ঘটনাস্থলে পুলিশ, এলাকা শান্ত
এ ঘটনায় অভিযুক্ত দুই মেম্বার ইলিয়াস মিয়া ও মাহবুব মিয়ার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।
দিরাই থানার ওসি (তদন্ত) উত্তম কুমার জানান, “সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।








