ব্যুরো চীফ, বরিশাল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন-তরুণ প্রজন্ম জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন দেখতে চায় না। তারা দেশের ভাগ্য নির্ধারণে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে বরিশাল সদর উপজেলার চাঁদেরহাট স্পোর্টস ক্লাব আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেছেন, যারা জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচনের আওয়াজ তুলছে, তারা আসলে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু তরুণ প্রজন্ম সেই ষড়যন্ত্রে পা দেবে না। তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে অংশ নেবে।
আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন-বর্তমান প্রজন্ম দেশের রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা সম্পর্কে আগের চেয়ে অনেক বেশি সচেতন। তারা পরিবর্তন চায়, তারা গণতান্ত্রিক মূল্যবোধ চায়।
অনুষ্ঠানের প্রধান বক্তা বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এবায়দুল হক চান বলেন, আগামীর নতুন বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের দায়িত্বশীল অংশগ্রহণই নির্ধারণ করবে ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশনা।
ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অ্যাডভোকেট আসাদুজ্জামান খান, ইসলামী শ্রমিক আন্দোলনের নেতা আবু হানিফ, চরমোনাই ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ মামুন, ইউনিয়ন বিএনপি নেতা মুহাম্মদ জসিম উদ্দিন, আমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।








