বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

খেলা ডেস্ক 

নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে গিয়ে শ্লীলতাহানির শিকার হয়েছেন অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে গত ২৩ অক্টোবর সন্ধ্যায়। এ ঘটনায় আকিল খান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম *টাইমস অব ইন্ডিয়া* জানিয়েছে, অভিযুক্ত ওই বাইক আরোহী দীর্ঘক্ষণ ধরে দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে অনুসরণ করছিলেন। পরে হঠাৎ তাঁদের কাছে গিয়ে অশ্লীলভাবে শরীর স্পর্শ করে পালিয়ে যান।

ঘটনার সময় অস্ট্রেলিয়া দল ইন্দোরের খাজরানা রোড এলাকায় ঘুরতে বের হয়েছিল। হোটেল থেকে বের হওয়ার পরপরই একটি মোটরবাইক তাঁদের পিছু নেয়। কাছের একটি ক্যাফের সামনে এ অপ্রীতিকর ঘটনা ঘটে। দ্রুত হোটেলে ফিরে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা নিরাপত্তা কর্মকর্তাকে বিষয়টি জানান।

দলের নিরাপত্তা কর্মকর্তা ড্যানি সিমন্স স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হয়। ইন্দোরের সহকারী পুলিশ কমিশনার (এএসপি) হিমানি মিশ্র ওই দুই ক্রিকেটারের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অভিযোগের ভিত্তিতে এমআইজি থানায় মামলা দায়ের করা হয়।

ভারতীয় দণ্ডবিধির ৭৪ ও ৭৮ ধারায় মামলা দায়েরের পর অভিযুক্তকে ধরতে পাঁচটি থানার সদস্যদের নিয়ে একটি বিশেষ দল গঠন করা হয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আকিল খানকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আকিলের বিরুদ্ধে আগেও ফৌজদারি মামলা ছিল। বর্তমানে তিনি হেফাজতে রয়েছেন।

উল্লেখ্য, অস্ট্রেলিয়া নারী দল শনিবার (২৫ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে। দুই দলই ইতিমধ্যেই বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। এই ঘটনার পর বিশ্বকাপে অংশ নেওয়া বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ