ব্যুরো চীফ, বরিশাল
বেপরোয়া গতির বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন নিহত হয়েছেন।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে গুরুতর আহত বিএনপি নেতা নাসিম উদ্দিন আকনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নাসিম উদ্দিন আকন ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।
একই দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক শহিদুল ইসলাম জানিয়েছেন, শনিবার বেলা পৌনে ১২টার দিকে রাজাপুরের নলবুনিয়া এলাকার একটি ঠিকাদারি কাজ পরিদর্শন শেষে মোটরসাইকেলযোগে তারা রাজাপুরে ফিরছিলেন।
পথিমধ্যে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের নলবুনিয়া মোড়ে পৌঁছালে পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি বাস মোটরসাইকেলের পেছনের অংশে ধাক্কা দেয়।
এ সময় মোটরসাইকেলের আরোহী নাসিম আকন ছিটকে পাশের একটি গাছে ধাক্কা খেয়ে ডোবায় পড়ে যান এবং তিনি রাস্তার ওপর আহত অবস্থায় পড়েছিলেন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল খায়ের রাসেল জানান, গুরুতর আহত নাসিম আকনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরবর্তীতে সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা নাসিম আকনকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল মালেক জানান, সংযোগ সড়ক থেকে নাসিম আকনকে বহনকারী মোটরসাইকেলটি মূল সড়কে ওঠার সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি বাস মোটরসাইকেলের পেছনের অংশে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেল চালকসহ আরোহী নাসিম আকন গুরুতর আহত হন।
ওসি আরও জানান, ঘাতক হামিম পরিবহনের বাস ও চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।








