বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ বছরের কষ্টের সুখ আগামী নির্বাচন: আবদুস সোবহান

ব্যুরো চীফ, বরিশাল

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন—বিগত পতিত সরকারের সময়ে ১৭ বছর বিএনপি-সহ এ দেশের শান্তিকামী মানুষের ওপর যত অন্যায়, অবিচার, খুন ও গুম হয়েছে, এ দেশের মানুষ যে কষ্ট সহ্য করেছেন, তার সুফল ভোগ করতে হলে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।

বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেন—এ দেশে যতবার বিএনপি ক্ষমতায় এসেছে, ততবারই উন্নয়ন হয়েছে। বিগত পতিত সরকার এ দেশের গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে।

তাই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের গুপ্তেরহাট বাজারে শনিবার (২৫ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিগত ওয়ান-ইলেভেন থেকে শুরু করে পতিত সরকারের আমলে নেতাকর্মীদের নিয়ে রাজপথে আন্দোলন করতে গিয়ে একাধিকবার হামলা ও অসংখ্য মামলায় দীর্ঘদিন কারাভোগ করা ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন—দেশ, জনগণ ও গণতন্ত্র যখনই সংকটে পড়েছে, তখনই বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বই বাংলাদেশকে মুক্তির পথে নিয়ে এসেছে। খালেদা জিয়ার আপসহীনতার কারণেই দেশে বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে।

তিনি বলেন, ১৯৮৬ সালের পাতানো নির্বাচনে আওয়ামী লীগ ও জামায়াত স্বৈরাচার এরশাদের ক্ষমতা বৈধ করার চেষ্টা করেছিল, কিন্তু বেগম খালেদা জিয়ার দৃঢ় আপসহীন অবস্থানের কারণেই সেই অবৈধ সংসদ টিকতে পারেনি।

তেমনি, ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা বারবার খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি আপসহীন ছিলেন। তাঁর আপসহীন অবস্থানের কারণেই তাঁকে কারাগারে যেতে হয়েছিল। অথচ কারাগার থেকেও তিনি গণতন্ত্রের জন্য আন্দোলনরত জনগণকে অনুপ্রেরণা দিয়ে গেছেন।

পথসভা শুরুর আগে কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আবদুস সোবহান গুপ্তেরহাট জামে মসজিদে আসর নামাজ আদায় শেষে বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ তাদের পরিবারের সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া-মিলাদে অংশগ্রহণ করেন।

পরে গুপ্তেরহাট বাজারে ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন।

সেখান থেকে কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আবদুস সোবহান ভ্যানযোগে দলীয় নেতাকর্মীদের সঙ্গে গৈলা বাজার, রথখোলা বাজার, বড়বাড়ি বাজার ও দরগাহবাড়ি বাজারে ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন।

এ সময় আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহবুবুল ইসলাম, গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল লোকমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মালেক আকন, আগৈলঝাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক শোভন রহমান মনিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ