রুবেল ভূঁইয়া, স্টাফ রিপোর্টার
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন। তিনি জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
ঘটনার পরপরই মেট্রোরেল কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে ফার্মগেট থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফার্মগেট এলাকার মেট্রোরেল লাইনের নিচ দিয়ে যাওয়ার সময় হঠাৎ ওপর থেকে ভারী একটি ধাতব বস্তু পড়ে ওই ব্যক্তির মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মোবারক হোসেন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ ও মেট্রোরেল প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”
এর আগে, গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর খামারবাড়ি এলাকায়ও মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। তখন আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল প্রায় ১১ ঘণ্টা।
বিশেষজ্ঞদের মতে, বড় সেতু বা উড়ালপথ নির্মাণে বিয়ারিং প্যাড একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি বিশেষ ধরনের রাবার ও ধাতব স্তর দিয়ে তৈরি হয়, যা উড়ালপথের ওপরের কাঠামো থেকে আসা চাপ সরাসরি পিলারে না ফেলে মাটিতে সঞ্চারিত করে। প্রতিটি বিয়ারিং প্যাডের ওজন প্রায় ১৪০ থেকে ১৫০ কেজি হয়ে থাকে।








