ব্যুরো চীফ, বরিশাল
বাঙালি জাতীয়তাবাদের অবিসংবাদিত মহান নেতা, অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী ও কৃষক কুলের নয়নের মনি শের-ই বাংলা একে ফজলুল হকের আজ রবিবার (২৬ অক্টোবর) ১৫২তম জন্মবার্ষিকী।
যথাযোগ্য মর্যাদায় এ মহান জাতীয় নেতার জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শের-ই বাংলা ফাউন্ডেশনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির গ্রহণ করা হয়েছে।
রবিবার সকালে শের-ই বাংলা একে ফজলুল হকের স্মৃতি বিজরিত পূণ্যভূমি বরিশালের বানারীপাড়া উপজেলার চাখারে তাঁর প্রতিষ্ঠিত চাখার সরকারি একে ফজলুল হক কলেজ, ফজলুল হক ইনিস্টিউট, ওয়াজেদ মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে তাঁর (শের-ই বাংলা) আত্মজীবনীর ওপর আলোচনাসভা, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরন করা হবে।
এছাড়া বাদ জোহর শের-ই বাংলা একে ফজলুল হকের প্রতিষ্ঠিত চাখারের নিজ বাড়ির জামে মসজিদসহ বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিম খানায় মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে।
একইদিন (২৬ অক্টোবর) সকাল সাড়ে আটটায় শের-ই বাংলার সমাধীতে (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) পবিত্র কোরআন তেলওয়াত, কবর জিয়ারত, দোয়া-মিলাদ, সকাল নয়টায় সমাধী প্রাঙ্গনে শ্রদ্ধার্ঘ র ্যালী এবং সমাধীতে পুস্পার্ঘ অপর্ণ করা হবে।
শের-ই বাংলা একে ফজলুল হকের দৌহিত্র এবং শের-ই বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান একে ফাইয়াজুল হক রাজু উক্ত অনুষ্ঠানে শের-ই বাংলার সকল ভক্ত, রাজনৈতিক অনুসারী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীসহ জাতি ধর্ম, বর্ণ, শ্রেণী ও পেশার সকলকে অংশগ্রহণ করে উপরোক্ত অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য আহবান করেছেন।








