রুবেল ভূঁইয়া, স্টাফ রিপোর্টার
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র উচ্চতর বেতন কাঠামো ও গবেষণা বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। শনিবার এক আবেদনপত্রের মাধ্যমে সংগঠনটি সরকারের কাছে এ দাবি তুলে ধরে।
ইউট্যাবের পক্ষ থেকে বলা হয়, বিশ্ববিদ্যালয় শিক্ষকরা দেশের উচ্চশিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও জ্ঞানভিত্তিক অর্থনীতি গঠনের মূল চালিকা শক্তি। তাদের কঠোর পরিশ্রম ও মেধার মাধ্যমে আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা পরিচালনা সম্ভব হচ্ছে। কিন্তু বর্তমান বেতন কাঠামোতে শিক্ষকদের মর্যাদা ও অবদান যথাযথভাবে প্রতিফলিত হয়নি। এর ফলে মেধাবী তরুণরা শিক্ষকতা পেশায় আগ্রহ হারাচ্ছেন এবং অনেক অভিজ্ঞ শিক্ষক বিকল্প কর্মক্ষেত্রে যোগদানের কথা ভাবছেন।
ইউট্যাবের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়—
১. বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র, মর্যাদাপূর্ণ ও উচ্চতর বেতন স্কেল প্রবর্তন (সার্কভুক্ত দেশসমূহের বেতনের সঙ্গে তুলনামূলকভাবে)।
২. আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে গবেষণা ভাতা প্রদান।
৩. গবেষণালব্ধ জ্ঞান প্রচারের জন্য প্রতি বছর ন্যূনতম একটি আন্তর্জাতিক ও একটি জাতীয় কনফারেন্সে অংশগ্রহণের সুযোগসহ টিএ/ডিএ ও ভ্রমণভাতা প্রদান।
৪. উন্নত জার্নালে গবেষণাপত্র প্রকাশে উৎসাহ দিতে বিশেষ গবেষণা প্রকাশনা প্রণোদনা ভাতা চালু করা।
৫. দীর্ঘমেয়াদি শিক্ষকতা পেশায় স্থিতিশীলতা আনতে এবং সামাজিক মর্যাদা রক্ষায় আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা—যেমন বিনা সুদে গাড়ি ও ফ্ল্যাট ক্রয়ের জন্য ঋণ প্রদান।
সংগঠনটি আশা প্রকাশ করেছে, সরকারের সদয় বিবেচনায় দাবিগুলো বাস্তবায়িত হলে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় গুণগত মান বৃদ্ধি পাবে, গবেষণা সমৃদ্ধ হবে এবং জাতি দীর্ঘমেয়াদে এর সুফল ভোগ করবে।








