বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মায়ের হত্যাকারীদের ফাঁসির দাবিতে রাস্তায় ছোট্ট আরাফাত

রংপুর প্রতিনিধি

রংপুরের পীরগাছায় চাঞ্চল্যকর গৃহবধূ ইয়াসমিন নাহার কাকলী হত্যার বিচার ও জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় কাকলীর চার বছরের ছোট ছেলে আরাফাতও। বুকে পোস্টার চেপে মায়ের হত্যার বিচার দাবি করে সবার সঙ্গে দাঁড়িয়ে থাকা এই শিশুকে দেখে উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন।

সোমবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার কান্দি ইউনিয়নের তালের হাট বাজারে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে কান্দি ইউনিয়নের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তালুক কান্দি, তালের হাটসহ আশপাশের কয়েকটি গ্রামের শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন কান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি সাহেব উদ্দিন মৃধা, সাধারণ সম্পাদক আতাউর রহমান, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ঈসা মিয়া, ইউপি সদস্য রাজেক বেগ, বিএনপি নেতা আনিসুল ইসলাম ভুট্টু, সমাজসেবক আতাউর রহমান, মহিলা নেত্রী রুপসা বেগম ও নিহতের বাবা ইলিয়াস আলী খান।

বক্তারা বলেন, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের এক মাস পার হলেও মূল আসামিরা এখনো ধরা পড়েনি। বরং তারা প্রভাব খাটিয়ে ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি দেখাচ্ছে। বক্তারা অভিযোগ করেন, পুলিশ ঘটনাটিকে গুরুত্বসহকারে তদন্ত করছে না।

তারা আরও বলেন, দ্রুত আসামিদের গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবে কান্দি ইউনিয়নে আবারও মানববন্ধনসহ প্রয়োজনে পীরগাছা থানা ও জেলা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।

জানা যায়, উপজেলার কান্দি ইউনিয়নের তালুককান্দি গ্রামের ইলিয়াস আলী খানের মেয়ে ইয়াসমিন নাহার কাকলীর সঙ্গে একই গ্রামের আবু বক্কর মিয়ার ছেলে আবু রায়হানের ১৩ বছর আগে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের রিফাত ও আরাফাত নামে দুই পুত্রসন্তান রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, সংসার করার একপর্যায়ে পরকীয়ায় জড়িয়ে পড়েন স্বামী আবু রায়হান। এতে আপত্তি জানালে গত ২৪ সেপ্টেম্বর ভোরে স্বামী ও তার পরিবারের অন্যান্য সদস্য কাকলীকে পিটিয়ে হত্যা করে মরদেহ ঘরে ফেলে পালিয়ে যায় বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। পরে নিহতের বাবা ইলিয়াস আলী খান বাদী হয়ে পীরগাছা থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম আকন্দ বলেন, ঘটনার পর এজাহারভুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল আসামিকে ধরতে অভিযান চলছে। তবে ফরেনসিক রিপোর্ট না আসায় এটি হত্যা না আত্মহত্যা, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ