শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক 

নির্বাচনের আগে দেশে অধিকাংশ অবৈধ অস্ত্র উদ্ধার সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার করা হচ্ছে, এ অভিযান অব্যাহত থাকবে।”

মঙ্গলবার সকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আনসার সদস্যরাই সবচেয়ে বেশি দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোটকেন্দ্রে থাকবেন ১৩ জন আনসার সদস্য। এছাড়া এবারই প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় একজন আনসার সদস্য নিয়োজিত থাকবেন।”

তিনি আরও বলেন, “নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা আশা করছি।”

আনসার বাহিনীর ভূমিকা উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তারা নিজেদের জীবন ও স্বার্থের পরোয়া না করে নিষ্ঠা, দায়িত্ববোধ ও দেশপ্রেমে জাতির সেবায় নিয়োজিত।”

তিনি আরও জানান, দেশের সর্ববৃহৎ এই বাহিনীর সদস্যরা বিভিন্ন সময় যাতায়াতজনিত সমস্যার সম্মুখীন হন। তাদের সেই ভোগান্তি লাঘব এবং সুবিধা বৃদ্ধির লক্ষ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিস চালু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ