শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগেরহাটে মুক্তিযোদ্ধা সংবর্ধনা

দিব্যতনু দাস, বাগেরহাট

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা বিএনপির উদ্যোগে কে.আর. কলেজ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম. এ. সালাম। তিনি বলেন, “জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত দল। এই দলই স্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্রের ধারক ও বাহক। আগামী ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ যদি পরাজিত হয়, তাহলে দেশ আবার পাকিস্তান হবে, আফগানিস্তান হবে।”

তিনি আরও বলেন, “একাত্তরে মানবতাবিরোধী অপরাধ করা দল আজও নানা কৌশলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করার ষড়যন্ত্র করছে। মুক্তিযোদ্ধারাই দেশের শ্রেষ্ঠ সন্তান, আপনারা সতর্ক থাকলে, আপনাদের সন্তানদের সতর্ক করলে এই ষড়যন্ত্র ব্যর্থ হবে।”

অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড বাগেরহাট জেলা ইউনিটের আহ্বায়ক আকবর আজাদ। তিনি বলেন, “একদলের যাওয়ার জায়গা মামার বাড়ি, আরেক দলের পাকিস্তান, কিন্তু আমাদের যাওয়ার জায়গা নেই। তাই স্বাধীনতার শত্রুদের থেকে সাবধান থাকতে হবে।” তিনি জামায়াতের বিভ্রান্তিকর ধর্মীয় প্রচারণা ও ক্ষমতার লোভ থেকে দূরে থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. হারুন-আর-রশিদ।

বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক শামসের আলী মোহন ও খাদেম নিয়ামুল নাসির আলাপ, বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক এবং জেলা বিএনপির সদস্য অধ্যাপক হাদিউজ্জামান হিরো। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. টুকু মিয়া শেখ, চৌধুরী মনিরুজ্জামান প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজারো বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং শেষাংশে দুপুরের খাবার পরিবেশন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ