পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য একটি পূর্ণাঙ্গ প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ২০০৮ সালের পর এটিই হবে ইইউর প্রথম পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন:
রাষ্ট্রদূত মিলার বলেন, “ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশনটি এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এতে ১৫০ থেকে ২০০ জন সদস্য থাকতে পারেন। তাঁদের মধ্যে কেউ ভোটের প্রায় ছয় সপ্তাহ আগে, আর বাকিরা ভোটের এক সপ্তাহ আগে বাংলাদেশে পৌঁছাবেন।”
তিনি জানান, ২০০৮ সালের পর এই প্রথম ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। পাশাপাশি স্থানীয় পর্যবেক্ষকদের প্রশিক্ষণ ও নিয়োগে ইইউ সহযোগিতা করবে বলেও জানান তিনি।
প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে সাংবিধানিক সংস্কার, নির্বাচন প্রস্তুতি, বিচার বিভাগ ও শ্রম খাতের সংস্কার, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কসহ দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত মিলার জুলাই জাতীয় সনদকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল’ হিসেবে উল্লেখ করে বলেন, এটি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরকে মসৃণ করতে সহায়ক হবে। তিনি শ্রম আইন সংস্কার ও বিচার বিভাগের স্বাধীনতা জোরদারের পদক্ষেপগুলোকেও ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হিসেবে অভিহিত করেন।
ইইউ রাষ্ট্রদূত বলেন, “এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ফেব্রুয়ারির নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করতে ইইউ নির্বাচন কমিশনকে অব্যাহত সহযোগিতা দেবে।” তিনি আসন্ন নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি পুনর্গঠনের সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন।
এছাড়া, বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার উপায়, অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির সম্ভাবনা, বিমান ও নৌ পরিবহন খাতে নতুন সুযোগ সৃষ্টি, মানব পাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে সহযোগিতার বিষয়গুলো নিয়েও আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস জানান, চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনালের উন্নয়ন ও পরিচালনায় বৈশ্বিক শিপিং কোম্পানি এ.পি. মোলার-মায়ার্সক এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে।
এ প্রসঙ্গে রাষ্ট্রদূত মিলার বলেন, ডেনমার্কের এই প্রতিষ্ঠান প্রায় ৮০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে লালদিয়াকে এ অঞ্চলের অন্যতম আধুনিক টার্মিনালে পরিণত করতে চায়।
বৈঠকে নির্বাচনকালীন পরিবেশ, প্রার্থীদের যোগ্যতা এবং মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।








