ব্যুরো চিফ, বরিশাল
শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অবশেষে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রসংসদ (বাকসু) নির্বাচনের আশ্বাস দিয়েছে প্রশাসন। নির্বাচনের দাবিতে গত পাঁচ দিন ধরে তিন শিক্ষার্থীর অনশন এবং বুধবার সবশেষ সংবাদ সম্মেলন করে প্রশাসনিক ভবন ‘শাটডাউন’ ঘোষণার হুমকি দেওয়ার পরেই কলেজ প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচনের সার্বিক প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত জানানো হয়।
ফলশ্রুতিতে বৃহস্পতিবার দিবাগত রাতে প্রশাসনের আশ্বাস পেয়ে অনশনরত শিক্ষার্থীরা তাদের অনশন কর্মসূচি আপাতত স্থগিত করেছেন।
আরও পড়ুন:
শিক্ষার্থীরা জানিয়েছেন, বর্তমানে বিএম কলেজের ২২টি বিভাগে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। তাদের স্বার্থসংশ্লিষ্ট কথা বলার জন্য ছাত্রসংসদ থাকলেও তাতে কোনো নির্বাচিত প্রতিনিধি নেই। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী দুঃশাসনের অবসান হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংসদ ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হয়।
সূত্রমতে, গত বছরের ৫ আগস্টের পরে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে ছাত্রসংসদ নির্বাচনের দাবি তোলেন শিক্ষার্থীরা। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া না মেলায় গত ২৬ অক্টোবর দুপুরে প্রতিবাদ স্বরূপ প্রথম অনশন শুরু করেন ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফেরদৌস রুমি। পরবর্তীতে তার সঙ্গে সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম এবং ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী কেএম মাঈনুল অনশনে যোগ দেন। কিন্তু তাদের এই অনশন শুরুর পরেও কলেজ প্রশাসন ছাত্রসংসদ নির্বাচন নিয়ে কোনো উদ্যোগ গ্রহণ না করায় ২৯ অক্টোবর দুপুরে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে প্রশাসনিক ভবন ‘শাটডাউন’ করার হুমকি দেন।
সূত্রে আরও জানা গেছে, শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন শাটডাউনের হুমকি দেওয়ার পরেই নড়ে চড়ে বসে বিএম কলেজ প্রশাসন। কলেজ প্রশাসনের পক্ষ থেকে অধ্যক্ষ ড. শেখ মো. তাজুল ইসলাম এবং উপাধ্যক্ষ অধ্যাপক আবু তাহের রাশেদুল ইসলাম অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আশ্বাস দেন। তাদের আশ্বাস পেয়ে অনশনরত শিক্ষার্থীরা তাদের কর্মসূচি স্থগিত করেন।
বিএম কলেজের অধ্যক্ষ তাজুল ইসলাম জানিয়েছেন, অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ছাত্রসংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।








