আন্তর্জাতিক ডেস্ক
তানজানিয়ায় নির্বাচনকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে টানা তিন দিনের বিক্ষোভ। দেশটির প্রধান বিরোধী দল চাদেমা দাবি করেছে, এ পর্যন্ত প্রায় ৭০০ জন নিহত হয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) দেশটির অর্থনৈতিক রাজধানী দারুস সালামের কেন্দ্রস্থল থেকে দলের মুখপাত্র জন কিটোকা এ দাবি জানান।
কিটোকা বলেন, “দারুস সালামে ৩৫০ জন এবং মওয়ানজায় ২০০ এরও বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যান্য অঞ্চলের তথ্য যোগ করলে মৃতের সংখ্যা প্রায় ৭০০ ছাড়িয়েছে।”
একটি নিরাপত্তা সূত্র আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে, তারা একই ধরনের মৃত্যুর খবর শুনেছে এবং এই তথ্য ইতোমধ্যে তানজানিয়ার সেনাবাহিনীর মধ্যেও ছড়িয়ে পড়েছে।

অন্যদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, তারা অন্তত ১০০ জন নিহত হওয়ার নিশ্চিত তথ্য পেয়েছে।
চাদেমার মুখপাত্র কিটোকা জানান, দলের সদস্যদের একটি নেটওয়ার্কের মাধ্যমে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র ঘুরে নিহতদের সংখ্যা সংগ্রহ করা হয়েছে। তবে সংবাদমাধ্যমগুলো হাসপাতালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও, অনেকে ভয় বা চাপে মুখ খুলতে রাজি হননি।
সরকারের উদ্দেশে কিটোকা বলেন, “আমাদের বার্তা স্পষ্ট—বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করুন, পুলিশি নির্যাতন থামান, জনগণের ইচ্ছাকে সম্মান করুন। এটাই নির্বাচনী ন্যায়বিচার।”
তিনি আরও বলেন, “আসলে এখানে কোনো নির্বাচনই হয়নি। আমাদের একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজন, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করবে।”
প্রসঙ্গত, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে সরকারপক্ষের ব্যাপক কারচুপির অভিযোগ তুলে রাস্তায় নামে বিরোধী দল চাদেমা। এরপর থেকেই দেশটির বিভিন্ন অঞ্চলে সহিংসতা ছড়িয়ে পড়ে, যা এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।








