বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চীনের ‘এক দেশ, দুই ব্যবস্থা’ মানবে না তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক

চীনের ‘এক দেশ, দুই ব্যবস্থা’ প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে তাইওয়ানের রাষ্ট্রপতি লাই চিং-তে ঘোষণা দিয়েছেন—তাইওয়ান কোনো চাপেই তার স্বাধীনতা ও গণতন্ত্র ত্যাগ করবে না। বরং আত্মরক্ষায় দেশটি সর্বদা প্রস্তুত থাকবে।

শুক্রবার (৩১ অক্টোবর) উত্তর তাইওয়ানের হুকো সামরিক ঘাঁটিতে সৈন্যদের উদ্দেশে বক্তব্য দেন লাই চিং-তে। তিনি বলেন, “শান্তি কেবল শক্তির মাধ্যমেই আসে। আগ্রাসীর দাবি মেনে সার্বভৌমত্ব ত্যাগ করলে কখনোই শান্তি আসে না। আমরা ‘এক দেশ, দুই ব্যবস্থা’ প্রত্যাখ্যান করছি, কারণ আমাদের স্বাধীন ও গণতান্ত্রিক সাংবিধানিক ব্যবস্থা আমরা চিরকাল ধরে রাখব।”

চীন সম্প্রতি স্পষ্ট জানিয়েছে, তাইওয়ানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় শক্তি প্রয়োগের বিকল্প তারা বাতিল করছে না। বেইজিংয়ের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, হংকং ও ম্যাকাওয়ের মতো স্বায়ত্তশাসন ব্যবস্থার অধীনে একীভূত হলে তাইওয়ানকে ‘সৌম্য শাসনের’ প্রতিশ্রুতি দেওয়া হবে।

তবে তাইওয়ানের কোনো প্রধান রাজনৈতিক দলই চীনের এই প্রস্তাবের পক্ষে নয়। লাই বলেন, “চীন প্রজাতন্ত্র (তাইওয়ান) ও গণপ্রজাতন্ত্রী চীন একে অপরের অধীন নয়। তাইওয়ানের সার্বভৌমত্ব কেউ লঙ্ঘন করতে বা সংযুক্ত করতে পারবে না। দ্বীপটির ভবিষ্যৎ নির্ধারণ করবে তাইওয়ানের জনগণই।”

তিনি আরও বলেন, “সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক জীবনধারা রক্ষা করা কোনো উসকানি নয়। জাতীয় প্রতিরক্ষায় বিনিয়োগ মানেই শান্তিতে বিনিয়োগ।”

রাষ্ট্রপতি লাই ঘোষণা দিয়েছেন, ২০৩০ সালের মধ্যে তাইওয়ানের প্রতিরক্ষা ব্যয় জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১০৮টি আব্রামস ট্যাঙ্ক কেনার মধ্যে ইতোমধ্যে ৮০টি পেয়েছে দেশটি।

অন্যদিকে, মালয়েশিয়ায় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুনের কাছে তাইওয়ান ঘিরে চীনের ক্রমবর্ধমান সামরিক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। জবাবে ডং বলেন, “চীন-তাইওয়ান পুনর্মিলন একটি অপরিবর্তনীয় ঐতিহাসিক ধারা। যুক্তরাষ্ট্রের উচিত তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতায় স্পষ্ট অবস্থান নেওয়া।”

বিশ্লেষকদের মতে, লাই চিং-তের এই বার্তা শুধু চীন নয়, পুরো আন্তর্জাতিক মহলকেই স্মরণ করিয়ে দিল—তাইওয়ান স্বাধীনতা ও গণতন্ত্রের প্রশ্নে কোনো আপস করবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ