ব্যুরো চিফ, বরিশাল
নির্বাচন আসলেই বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে পড়ে। তাই কোনো ধরনের গুজবে কান না দিয়ে তারেক রহমানের নির্দেশে বিএনপির প্রত্যেক নেতাকর্মীকে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ৩১ দফার রূপরেখা সম্পর্কে অবহিতসহ লিফলেট পৌঁছে দিতে হবে।
পাশাপাশি ভোটারদের বুঝিয়ে শুনিয়ে ধানের শীষের পক্ষে ভোট নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।
বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর বিএনপি এবং এর সকল অঙ্গসংগঠনের আয়োজনে শনিবার (১ নভেম্বর) বিকেলে গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের হলরুমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফার রূপরেখা জনগণের প্রত্যাশার প্রতিফলন। এর মাধ্যমে দেশে প্রকৃত গণতন্ত্র, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠা হবে। এই রূপরেখা বাস্তবায়ন করতে হলে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে হবে।
বিগত ওয়ান-ইলেভেন থেকে শুরু করে পতিত সরকারের সময়ে নেতাকর্মীদের নিয়ে রাজপথে প্রতিটি আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে একাধিকবার হামলা ও অসংখ্য মামলায় কারাভোগ করা ক্লিন ইমেজের নেতা ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেন, আমরা বিশ্বাস করি জনগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্তই আগামী নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে। তাই প্রত্যেক ভোটারের দ্বারে দ্বারে একবার নয়, একাধিকবার যেতে হবে। ভোটারদের বুঝিয়ে শুনিয়ে ধানের শীষের পক্ষে ভোট নিশ্চিত করতে হবে।
গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণের একমাত্র পথ হলো দলের মতবিরোধ ভুলে ঐক্যবদ্ধভাবে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট নিশ্চিত করা।
অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল আউয়াল লোকমান, সাবেক সহ-সভাপতি আনোয়ার সাদাত তোতা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবদুল মালেক আকন, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহবুবুল ইসলাম, গৌরনদী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মনির হাওলাদার, আগৈলঝাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক শোভন রহমান মনির, গৌরনদী পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল হাওলাদার, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আবুল কালাম, উপজেলা বিএনপি নেতা মো. নজরুল ইসলাম, মো. আলী মাঝি, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মো. আনিসুর রহমান ফকির, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ মিলন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এসএম হীরা প্রমুখ।
আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।








