শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সড়ক দখল করে ইট-পাথর ও গাছের ব্যবসা : প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা

ব্যুরো চীফ, বরিশাল

সড়ক ও মহাসড়কের পাশ দখল করে জমজমাট হয়ে উঠেছে ইট-বালু-পাথর ও গাছের ব্যবসা। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটলেও প্রশাসন রহস্যজনক ভূমিকা পালন করছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী অংশে, গৌরনদী-আগৈলঝাড়া আঞ্চলিক সড়কের নাঠৈ এলাকা, বাটাজোর-সরিকল সড়কসহ উপজেলার বিভিন্ন সড়কে ইট-বালু-পাথর ও গাছ সড়কের পাশে রেখে রমরমা বাণিজ্য চালিয়ে আসছেন স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি।

সরিকল এলাকার একাধিক বাসিন্দা জানিয়েছেন, বাটাজোর-সরিকল ব্যস্ততম সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য ছোট ছোট যানবাহনে যাত্রীরা চলাচল করে। সড়কের বিভিন্ন অংশে গাছের গুঁড়ি রেখে ব্যবসা চালিয়ে আসছেন স্থানীয় গাছ ব্যবসায়ীরা। যত্রতত্রভাবে সড়কের পাশে গাছ ও ইট ফেলে রাখায় দুর্ঘটনার পাশাপাশি দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

সম্প্রতি ওই সড়কে বিপরীত দিক থেকে আসা ট্রাককে সাইড দিতে গিয়ে গাছের সঙ্গে চলন্ত ভ্যানের ধাক্কা লেগে এক নারী যাত্রী ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এছাড়াও প্রায় প্রতিদিন সড়কজুড়ে গাছের গুঁড়ি রাখায় ছোট-বড় দুর্ঘটনা লেগেই রয়েছে।

চাঁদশী এলাকার বাসিন্দারা জানিয়েছেন, গৌরনদী-আগৈলঝাড়া আঞ্চলিক সড়কের নাঠৈ বারেকের দোকান থেকে মোল্লাবাড়ী বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের পাশে ইট রেখে ব্যবসা চালিয়ে আসছে স্থানীয় একটি মহল। এরই মধ্যে ওই ইটের স্তুপের কারণে দুর্ঘটনার শিকার হয়েছেন একাধিক মোটরসাইকেল চালক ও ইজিবাইকের যাত্রীরা।

এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম জানিয়েছেন, বিষয়টি আমার জানা ছিল না। খুব শিগগিরই অভিযান চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ