আন্তর্জাতিক ডেস্ক
আমেরিকার পারমাণবিক অস্ত্রের শক্তি এতটাই বিপুল যে চাইলে “বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেওয়া সম্ভব”—এমন বিস্ময়কর দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২ নভেম্বর) সিবিএস নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে পারমাণবিক অস্ত্র রয়েছে। রাশিয়ারও অনেক আছে, আর চীন দ্রুত এগিয়ে আসছে। কিন্তু যুক্তরাষ্ট্রের শক্তি এমন পর্যায়ে, যা বিশ্বকে ১৫০ বার ধ্বংস করার ক্ষমতা রাখে।”
তিনি আরও দাবি করেন, রাশিয়া ও চীন গোপনে পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে, যদিও তারা তা প্রকাশ্যে স্বীকার করছে না। “বর্তমানে উত্তর কোরিয়াই একমাত্র দেশ, যারা প্রকাশ্যে পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে,”—সাক্ষাৎকারের উপস্থাপিকা নোরা ও’ডনেল এ কথা বললে ট্রাম্প সঙ্গে সঙ্গে পাল্টা মন্তব্য করেন, “অন্য দেশগুলোও পরীক্ষা চালাচ্ছে। আমরাই একমাত্র দেশ হিসেবে পিছিয়ে থাকতে চাই না।”
সম্প্রতি ট্রাম্প ৩০ বছরেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্রে পারমাণবিক পরীক্ষা পুনরায় চালুর নির্দেশ দেন। এ বিষয়ে তিনি বলেন, “অস্ত্র তৈরি করে তা পরীক্ষা না করা বাস্তবসম্মত নয়। পরীক্ষা ছাড়া জানা সম্ভব নয়, অস্ত্রটি আসলে কাজ করছে কিনা।”
সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্রের পারমাণবিক সক্ষমতা নিয়ে গর্বও প্রকাশ করেন। ট্রাম্প বলেন, “আমাদের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক শক্তি রয়েছে। রাশিয়া দ্বিতীয় স্থানে, আর চীন এখনো কিছুটা পিছিয়ে। তবে আগামী পাঁচ বছরের মধ্যে তারা আমাদের সমান পর্যায়ে পৌঁছাতে পারে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য মার্কিন নির্বাচনী রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা নিয়ে বিশ্বের উদ্বেগ আবারও সামনে নিয়ে এসেছে।








