এ.টি.এম. হুমায়ুন কাদির, নান্দাইল (ময়মনসিংহ)
গত সোমবার (৩ নভেম্বর) বিকেলে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ময়মনসিংহ বিভাগের ১১টি আসনের মধ্যে ১০টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এতে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে ইয়াসের খান চৌধুরীর নাম ঘোষণা করা হয়। তিনি ময়মনসিংহ জেলা বিএনপির সম্মানিত সদস্য এবং নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক।
জনাব ইয়াসের খান চৌধুরী মরহুম সাবেক সংসদ সদস্য জনাব আনোয়ারুল হোসেন খান চৌধুরীর একমাত্র সুযোগ্য পুত্র। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে নান্দাইলের প্রতিটি ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে দলকে সুসংগঠিত করে জনাব তারেক রহমানের নির্দেশ মোতাবেক কাজ করে যাচ্ছেন।
বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নান্দাইল-৯ আসনে ইয়াসের খান চৌধুরীর নাম ঘোষণা করার পরপরই নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব এনামুল কাদিরের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। মিছিলটি নান্দাইল সরকারি শহীদ স্মৃতি কলেজ গেটের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে সমাপ্তি হয়।
দলের সদস্য সচিব জনাব এনামুল কাদির সকল নেতা-কর্মীর উদ্দেশ্যে বলেন, “আপনারা ধৈর্যসহকারে, দল-মত নির্বিশেষে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে ইয়াসের খান চৌধুরীকে বিজয়ী করে জাতীয় সংসদে প্রেরণ করবেন।”
নান্দাইল উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত বিএনপির সমর্থিত নেতা-কর্মীদের আনন্দ মিছিলে অংশগ্রহণের জন্য জনাব ইয়াসের খান চৌধুরীর পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। সেই সঙ্গে জনাব ইয়াসের খান চৌধুরীর পক্ষ থেকে তারেক রহমানকেও ধন্যবাদ জানান।
দলের সদস্য সচিব জনাব এনামুল কাদির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “দীর্ঘদিনের বিভিন্ন মনোনয়ন প্রত্যাশীদের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দলের সিদ্ধান্ত মোতাবেক জনাব ইয়াসের খান চৌধুরী মনোনীত হয়েছেন। তাই সবাই মিলে ইয়াসের খান চৌধুরীর পক্ষে ধানের শীষ প্রতীকে কাজ করার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি।”








