পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৩৭ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) ঘোষিত এই তালিকায় ৬৩টি আসন খালি রাখা হয়েছে। তালিকায় নাম না থাকায় দলের আলোচিত নারী নেতা রুমিন ফারহানার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা।
রুমিন ফারহানা জানান, “৬৩টি আসনে এখনো মনোনয়ন ঘোষণা করা হয়নি। আমার আসনটিও তার মধ্যে। ধারণা করা হচ্ছে, এই খালি আসনগুলো জোটের প্রার্থীদের সঙ্গে আলোচনার জন্য রাখা হয়েছে। আমি এখনই বলতে পারছি না, আমাকে মনোনয়ন দেওয়া হচ্ছে কি না।”
তিনি আরও বলেন, “মানুষের আগ্রহের কারণ হচ্ছে আমি ১৭ বছর ধরে দলের জন্য কাজ করেছি, দেশের জন্য কাজ করেছি, ন্যায়ের পক্ষে কাজ করেছি, সত্যের জন্য কাজ করেছি। আগামী দিনগুলিতেও আমি একইভাবে কাজ চালিয়ে যাব। আমার রাজনীতি আমার মতো করে চালানোই আমার অঙ্গীকার।”
রুমিন ফারহানা জানান, দলের সার্বিক সিদ্ধান্তকে তিনি সম্মান করেন। তিনি বলেন, “যারা ২৩৭টি আসনে মনোনয়ন পেয়েছেন, তাদের আমি আন্তরিক অভিনন্দন জানাই। তবে আমার রাজনীতি আমার নিজের। আমি আমার মতো করে কাজ করব।”
দলীয় মনোনয়ন নিয়ে আশাবাদী কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি আশাবাদীও নই, হতাশাবাদীও নই। মনোনয়ন আমার জন্য কেবল একটি ঘটনা মাত্র। আমি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ছিলাম, আছি, থাকব। আমার নেতাকর্মীরা আমার সাথে আছে। দলের বাইরে যাওয়ার প্রশ্নই ওঠে না।”
উল্লেখ্য, ২০১৮ সালের সংসদ নির্বাচনের পর সংরক্ষিত আসনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন রুমিন ফারহানা। গত কয়েক বছরে টকশো, সামাজিক মাধ্যমসহ নানা ক্ষেত্রে তিনি আলোচনায় ছিলেন।








