শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম নারী ঘাজালা হাশমি

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম নারী ঘাজালা হাশমি। ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে লেফটেন্যান্ট গভর্নর পদে জয়ী হয়ে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী জন রিডকে পরাজিত করে এই পদে নির্বাচিত হন ঘাজালা। তিনি শুধু ভার্জিনিয়ার প্রথম মুসলিম লেফটেন্যান্ট গভর্নরই নন, বরং রাজ্যের ১৫তম নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত প্রথম দক্ষিণ এশীয় মার্কিন সিনেটর হিসেবেও ইতিহাসে নাম লেখালেন।

নতুন দায়িত্ব গ্রহণের ফলে ঘাজালার বর্তমান সিনেট আসনটি শূন্য হয়ে যাচ্ছে, এবং শিগগিরই সেখানে বিশেষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

ঘাজালা হাশমির রাজনৈতিক যাত্রা শুরু হয় ২০১৯ সালে। সে সময় দীর্ঘদিন রিপাবলিকানদের দখলে থাকা সিনেট আসনে জয়লাভ করে তিনি ভার্জিনিয়ার রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেন।

১৯৬৪ সালে ভারতের হায়দরাবাদের মালাকপেট এলাকায় জন্ম নেওয়া ঘাজালা শৈশবে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তাঁর বাবা জিয়া হাশমি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা শেষে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং পরে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। মা তানভীর হাশমিও ছিলেন শিক্ষিত ও সংস্কৃতিমনা পরিবারের প্রতিনিধি।

চমৎকার একাডেমিক ফলাফলের কারণে ঘাজালা শিক্ষা জীবনের বিভিন্ন পর্যায়ে বৃত্তি ও ফেলোশিপ অর্জন করেন। তিনি জর্জিয়া সাউদার্ন ইউনিভার্সিটি থেকে স্নাতক এবং এমোরি বিশ্ববিদ্যালয় থেকে আমেরিকান সাহিত্য বিষয়ে পিএইচডি সম্পন্ন করেন।

১৯৯১ সালে স্বামী আজহার রফিকের সঙ্গে ভার্জিনিয়ার রিচমন্ডে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি। তাঁদের দুই মেয়ে ইয়াসমিন ও নূর ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন।

ঘাজালা প্রায় তিন দশক ধরে শিক্ষকতা করেছেন। তিনি রিচমন্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার পর রেনল্ডস কমিউনিটি কলেজে যোগ দেন। সেখানে তিনি “সেন্টার ফর এক্সেলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং”-এর প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

ঘাজালা হাশমির এই বিজয়কে মার্কিন রাজনীতিতে অভিবাসী, মুসলিম ও নারী নেতৃত্বের অগ্রযাত্রার এক শক্তিশালী প্রতীক হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

সূত্র: আল জাজিরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ