দিব্যতনু দাস, বাগেরহাট
বাগেরহাটের রামপালে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে খুলনা মোংলা মহাসড়কের তেতুলিয়া সেতু এলাকায় এ দূর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর প্রায় ১ ঘন্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।
নিহতরা হলেন, মোংলা উপজেলার দিগরাজ এলাকার মিস্ত্রী পাড়ার রবিন (৫০) ও খুলনা জেলার রূপসা উপজেলার বেলফুলিয়া গ্রামের ইসমাইল মোড়ল (৩৫)।
মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মোঃ এমরান হোসেন জানান, মোংলা থেকে খুলনা গামী যাত্রীবাহী বাস (খুলনা মেট্রো জ-০৫-০০৩) মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের (চট্র মোট্রো ল- ২০-১০৭৫) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি ব্রেক করলে, উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে বাসের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন। তখন বাসে থাকা ১০ যাত্রী গুরুতর আহত হন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহতরা হলেন জেরিনা বেগম (২৫), গাউস শেখ (৬৫), মল্লিকা বিশ্বাস (৬০), রত্না বিশ্বাস (৩৫), সজল রায় (৪০), রাখি মনি (২৪), সালেহা বেগম (৬০), গুরুদাসী মন্ডল (৬৫), সুব্রত মিস্ত্রি ((৩৫) ও অপর একজন অজ্ঞাতনামা পুরুষ। আহতদের বাড়ি বাগেরহাট ও খুলনা জেলার বিভিন্ন উপজেলায়।
খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মোটরসাইকেল আরোহীকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
রামপাল থানার ওসি আতিকুর রহমান জানান, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কাটাখালি হাইওয়ে থানার ওসি জাফর আহমেদ বলেন, দুর্ঘটনার ফলে বাসটি খাদে পড়ে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। উল্লেখ্য, গত ৪ দিন পূর্বে ওই এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় ৩ জন বিএনপি কর্মী নিহত হন।








