সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়: তারেক রহমান

পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক 

কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের ভোটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান কর্তব্য।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কনভেনশন হলে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট আয়োজিত ‘হিন্দু প্রতিনিধি সম্মেলন–২০২৫’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে হলে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। জনগণের প্রতি দায়বদ্ধ, জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করাই এই অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব। কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়।”

তিনি আরও বলেন, “বিএনপি কখনো সরকারের ওপর কোনো অযৌক্তিক চাপ প্রয়োগ করে না। বরং যেখানে মতভেদ আছে, সেখানে আমরা ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করি। এটাকেই বিএনপি ‘ডিসেন্ট ওয়ে’ বা শালীন ভিন্নমতের সংস্কৃতি মনে করে।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “ফ্যাসিবাদী শক্তির গুপ্ত বাহিনীকে রুখে দিতে বিএনপি মাঠে থাকবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই থেকে বিএনপি পিছিয়ে যাবে না।”

অনুষ্ঠানে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের নেতারা ছাড়াও বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা বলেন, সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করলেই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ