দিব্যতনু দাস, বাগেরহাট
সুন্দরবনে নদীতে ঢেউয়ের তোড়ে পর্যটকবাহী নৌকা উল্টে রিয়ানা আবজাল (২৮) নামে এক যুক্তরাষ্ট্রপ্রবাসী নারী পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সোমবার (১০ নভেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
গত শনিবার দুপুরে মোংলার পশুর নদীতে ঢেউয়ের তোড়ে বোট (নৌকা) উল্টে তিনি নিখোঁজ হন। তাঁর সন্ধানে ঘটনাস্থলে বনবিভাগ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথ তল্লাশি শুরু করেন।
নিখোঁজ নারী ঢাকার উত্তরা এলাকার কালাম আজাদের মেয়ে। তাঁদের আদি নিবাস বরিশালে। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর একজন পাইলট ছিলেন। পরে যুক্তরাষ্ট্রে চলে যান।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গত শনিবার (৮ নভেম্বর) ১৪ জন পর্যটক সুন্দরবনের করমজল ভ্রমণের উদ্দেশ্যে জালি বোটযোগে যাত্রা শুরু করেন। বোটটি দুপুর ১টায় সুন্দরবনের ঢাংমারি খালসংলগ্ন এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তখন স্থানীয়দের সহায়তায় ১৩ জন পর্যটককে জীবিত উদ্ধার করা হলেও একজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরবর্তীতে বোটে থাকা এক ব্যক্তি বিষয়টি কোস্টগার্ডকে জানান।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া থেকে দুটি উদ্ধারকারী দল কোস্টগার্ড বোটযোগে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ পর্যটকের অনুসন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করে। চলমান তিন দিনের ধারাবাহিক অনুসন্ধানের পর সোমবার সকাল ৭টায় কোস্টগার্ড, মোংলার সাইলো জেটি সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার করে। উদ্ধারকৃত মৃতদেহ চাঁদপাই নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পর্যটকদের সুরক্ষা ও ঝুঁকিমুক্ত ভ্রমণ নিশ্চিতে বাংলাদেশ কোস্টগার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।








