স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে ন্যস্ত প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জনসংখ্যার অনুপাতে নিয়োগের দাবিতে রাঙ্গামাটির স্থানীয় ও জাতীয় আটটি সংগঠন ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। সেই প্রেক্ষিতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করেছে।
মঙ্গলবার দুপুরে প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগ কমিটির সিদ্ধান্ত মোতাবেক স্মারক নং ৩৮.০১.৮৪০০.০০০.৯৯.০০৬.২৫-১৫৪৬ এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের জন্য ১৪ নভেম্বর তারিখে নির্ধারিত লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। উক্ত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি যথাসময়ে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে।
এর আগে, রবিবার (৯ নভেম্বর) শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ নিয়মবহির্ভূত নয়, একতরফা ও বৈষম্যমূলক দাবি করে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, রাঙ্গামাটি জেলা শাখা রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ন্যস্ত প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগের ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা স্থগিতের দাবি জানায়।
তার প্রেক্ষিতে মঙ্গলবার সকালে প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগ কমিটির জরুরি বৈঠকে নিয়োগ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।








