এ.টি.এম. হুমায়ুন কাদির, নান্দাইল (ময়মনসিংহ)
আজ ১১ নভেম্বর, মঙ্গলবার বিকাল ৪টায় নান্দাইল কালামপুর খুররম খান চৌধুরী ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে এক বিশাল নির্বাচনী সভার আয়োজনের মাধ্যমে বিএনপির মনোনীত প্রার্থী জনাব ইয়াসের খান চৌধুরীর ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিকতা শুরু করেন। অনুষ্ঠানটি বিএনপির সদস্য সচিব এনামুল কাদির ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটনের সঞ্চালনায় পরিচালিত হয়।
এর পূর্বে নান্দাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিএনপি নেতাকর্মীসহ যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী প্রায় ২০০০ মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের মাধ্যমে ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে রাস্তার নান্দাইলের শেষ সীমানা জামতলা বাজার থেকে বিএনপির প্রার্থী জনাব ইয়াসের খান চৌধুরীকে বিশাল গাড়ি বহরের মাধ্যমে সংবর্ধনা দিয়ে নান্দাইল কালামপুর নিয়ে আসেন। নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন: “ইয়াসের খানের আগমন শুভেচ্ছা স্বাগতম”, “কে বলে জিয়া নাই, জিয়া সারা বাংলায়”, “নান্দাইলের মাটি ইয়াসের খানের ঘাটি”, “তরুণদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক”।
জনাব ইয়াসের খান চৌধুরী নান্দাইলের সাবেক সংসদ সদস্য মরহুম আনওয়ারুল হোসেন খান চৌধুরীর একমাত্র যোগ্য সন্তান। তাঁর আন্তর্জাতিক মানের শিক্ষাগত যোগ্যতা রয়েছে। তিনি বিশ্বসেরা ইউনিভার্সিটি অব লন্ডন থেকে কম্পিউটার সায়েন্সে অনার্স এবং ইনফরমেশন টেকনোলজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। তিনি কাজ করেছেন বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান আইবিএমের ডাটা সায়েন্টিস্ট হিসেবে, বিখ্যাত টেলিকম প্রতিষ্ঠান ভোডাফোনে এবং সর্বশেষ বিবিসির হেড আইটি হিসেবে দায়িত্ব পালন করেছেন। একজন বাংলাদেশী হিসেবে তিনি নান্দাইলের গর্ব।
জনাব ইয়াসের খান চৌধুরী বক্তব্য শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য মরহুম খুররম খান চৌধুরী ও পিতা সাবেক সংসদ সদস্য মরহুম আনওয়ারুল হোসেন খান।
তিনি নান্দাইলবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আপনাদের সহযোগিতা ও দেশনায়ক জনাব তারেক রহমান আমার ওপর যে দায়িত্ব দিয়েছেন, তা সকলে মিলে পালন করতে হবে ইনশাল্লাহ। আমাকে মনোনয়ন দেওয়া মানে আপনাদেরকে মনোনয়ন দেওয়া। আমি একা ধানের প্রার্থী নই, আপনারা সবাই ধানের প্রার্থী। আমার পূর্বপুরুষেরা যেভাবে উন্নয়ন করেছিল, আমি ঠিক তেমনি আপনাদের পাশে আছি। যারা মনোনয়ন চেয়েছিলেন, সবাই যোগ্য। দল আমাকে মনোনয়ন দিয়েছে, দলের মধ্যে করুন না—আজকের এই জনসমুদ্র প্রমাণ করেছে নান্দাইলে মাটি ধানের শীষে ঘাটি। সবাই মিলে নান্দাইলকে সুন্দর নান্দাইল হিসেবে উপহার দেওয়া হোক। এখনো যারা দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তাদের কাছে আহ্বান থাকবে—তারেক জিয়ার সিদ্ধান্ত মেনে দলের হয়ে কাজ করুন, দল আপনাকে যথাযথ সম্মান দেবে।”
দলের সদস্য সচিব এনামুল কাদির বলেন, “দলের সিদ্ধান্ত মেনে নিয়ে সবাই একসাথে কাজ করে তারেক জিয়ার মনোনীত প্রার্থী জনাব ইয়াসের খান চৌধুরীকে বিজয়ী করে তারেক জিয়াকে উপহার দেওয়া আমাদের অঙ্গীকার। ইয়াসের খান চৌধুরী নান্দাইলবাসীর জন্য এক নতুন আশা ও সম্ভাবনা। তিনি মেধাবী, দক্ষ ও সৎ ব্যক্তিত্ব সম্পন্ন, ক্লিন ইমেজেস ব্যক্তি।”
উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, বিএনপি যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাসেল, বিএনপি যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান, বাংলাদেশ জাতীয়বাদী দল নান্দাইল পৌরসভার সদস্য সচিব জনাব রফিকুজ্জামান মনির, যুবদল নেতা আবু হুরায়রা, নান্দাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাবুল আহমেদ অনিক প্রমুখ।








