মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানীজুড়ে ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল থেকে আটক ১৫ জন

অনলাইন ডেস্ক 

রাজধানীর বিভিন্ন এলাকায় বুধবার (১২ নভেম্বর) রাতে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সঙ্গে ফার্মগেট এলাকায় ঝটিকা মিছিলের সময় আওয়ামী লীগের ১৫ নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী।

পুলিশ ও সেনা সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে ফার্মগেট কারওয়ান বাজারমুখী ফুটওভার ব্রিজের সামনে আকস্মিকভাবে একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিলের প্রস্তুতিকালে পুলিশ ও সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে পৌঁছে ১৫ জনকে আটক করে। আটক ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি।

এদিকে, রাত ৯টা ২০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় সেখানে ‘গুম’ বিষয়ক একটি ডকুমেন্টারি প্রদর্শন চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে, ককটেল দুটি সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে নিক্ষেপ করা হয়।

এ ছাড়া কারওয়ান বাজার মোড় ও শান্তিনগরেও একই ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রাত সোয়া ১০টার দিকে সার্ক ফোয়ারা মোড়ে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, “রাত ১০টার কিছু পরে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ঘটনাস্থলটি কলাবাগান থানার সীমান্তবর্তী এলাকায়। বিস্তারিত তারা বলতে পারবে।”

অন্যদিকে, কলাবাগান থানার ওসি মনিরুল ইসলাম জানান, “এটি মূলত তেজগাঁও থানার এলাকা। উভয় থানার সদস্যরা ঘটনাস্থলে আছেন। জনগণের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।”

এদিকে, রাজধানীর মিরপুরে ককটেল নিক্ষেপের চেষ্টা করার সময় হাতেনাতে ধরা পড়েছে এক যুবক। স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ