স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল
রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজার এলাকায় ছাদ থেকে পড়ে রেখা চৌধুরী (৬০) নামে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত রেখা চৌধুরী রাজস্থলী উপজেলার গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। মাত্র এক সপ্তাহ আগে তিনি অবসরে গিয়েছিলেন বলে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার রাতে রেখা চৌধুরীর ছোট ছেলে রানা চৌধুরী বাড়িতে এসে দরজায় নক করেও কোনো সাড়া না পেয়ে দোতলায় উঠে মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে চন্দ্রঘোনার খ্রিষ্টান মিশন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ধারণা, তিনি মোবাইল ফোনে কথা বলতে গিয়ে অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে যান।
চন্দ্রঘোনা থানার পুলিশ ঘটনাটি নিশ্চিত করেছে।
অবসরপ্রাপ্ত শিক্ষিকা রেখা চৌধুরীর মৃত্যুতে সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।








