ব্যুরো চীফ, বরিশাল
মৎস্য অধিদপ্তর, সেনাবাহিনী ও কোস্ট গার্ডের বরিশালের হিজলা উপজেলায় যৌথ অভিযানে পাঙ্গাশের ছোট ছোট পোনা ধরার বিপুল পরিমাণ ফাঁদ (বর্শি) জব্দ করা হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানিয়েছেন—প্রথম দেখায় যেকোনো ব্যক্তির মনে হবে বহু বছরের ঐতিহ্য ‘বর্শি দিয়ে মাছ ধরা’। কিন্তু কঠিন বাস্তবতা হলো এগুলো শুধু বর্শি নয়, হাজার হাজার ফাঁদ—যা দিয়ে পাঙ্গাশের ছোট ছোট পোনা ধরা হয়।
তিনি আরও জানান—মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলার চর দুর্গাপুর অংশে যৌথ অভিযান পরিচালনা করে এসব পাঙ্গাশের পোনা ধরার বিপুল পরিমাণ ফাঁদ (বর্শি) জব্দ করা হয়েছে।
পাশাপাশি চারটি ট্রলারসহ তিনটি রাক্ষুসে বেহুন্দী জাল ও জালের সরঞ্জামসহ ১০টি লোহার অ্যাঙ্কর জব্দ করা হয়। রাক্ষুসে বেহুন্দী জালসহ সরঞ্জাম পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এছাড়া জব্দ চারটি ট্রলার পরবর্তীতে নিলামে বিক্রি করা হবে।
অভিযানে নেতৃত্ব দিয়েছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ইব্রাহিম খলিল, কন্টিনজেন্ট কমান্ডার মাসুদ রানা পিও।








