স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল
রাঙামাটির কাপ্তাই উপজেলায় কামিলাছড়ি এলাকায় বন্যহাতির আক্রমণে ঝর্ণা চাকমা (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। একটি সিএনজিচালিত অটোরিকশায় করে রাঙামাটি আসার পথে তিনি হাতির আক্রমণের শিকার হন। এই ঘটনায় অপর এক নারী গুরুতর আহত হয়েছেন। তাকে আহত অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে আসামবস্তি–কাপ্তাই সংযোগ সড়কের কামিলাছড়ি এলাকায় দুটি সিএনজি অটোরিকশায় হাতির পাল হামলা চালায় বলে নিশ্চিত করেছে বন বিভাগ।
বন বিভাগের সূত্রে জানা যায়, বিকেলে কাপ্তাইয়ের দিকে যাত্রাকালে কামিলাছড়ি এলাকায় হঠাৎ একটি হাতির পাল সড়কে উঠে এসে যাত্রীবাহী সিএনজিগুলোর ওপর হামলা চালায়। এ সময় চালক দ্রুত সরে যেতে পারলেও সিএনজিতে থাকা দুই নারী হাতির আক্রমণে গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নেওয়ার পথে ঝর্ণা চাকমার মৃত্যু হয়।
রাঙামাটি দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক বলেন, “কাপ্তাই–রাঙামাটি সংযোগ সড়কের ঝড়াপাতা মোড় এলাকায় এবং কামিলাছড়ি এলাকায় দুটি সিএনজিতে বন্যহাতি আক্রমণ করে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দুজন নারীকে গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখি এবং দ্রুত রাঙামাটি সদর হাসপাতালে পাঠাই। নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।”
রাঙামাটি কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. মোখলেছুর রহমান বলেন, “হাতির আক্রমণে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছি। আমাদের টিম ঘটনাস্থলে আছে। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।”








