ব্যুরো চীফ, খুলনা
বিএনপি কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেছেন, “শিক্ষা কেবল বইয়ের ভিতরেই নয়, পারিবারিক মূল্যবোধও শিক্ষার বড় অংশ, আর সেই শিক্ষার ক্ষেত্রে মায়ের কোলই সন্তানের প্রথম বিশ্ববিদ্যালয়। সন্তানের ভালোবাসার স্পর্শে মায়ের চোখের যে জল গড়িয়ে পড়ে, তা সাধারণ নয়—অমূল্য ভালোবাসার।”
তিনি বলেন, “একজন মা কতটা আবেগে আপ্লুত হলে সন্তানের স্পর্শে তার চোখে জল আসে, তা ভাষায় প্রকাশ করা যায় না। মা দিবসে এ ধরনের ব্যতিক্রমী আয়োজন নৈতিক ও মানবিক শিক্ষা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
মঙ্গলবার সকালে খুলনার খালিশপুর বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ে মা দিবস উপলক্ষে শ্রদ্ধেয় মা’দের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক লুৎফর রহমান, গভার্নিং বডির সাবেক সভাপতি মৃধা জামাল হোসেনসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল আলম হোসেন, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মৃধা জামাল হোসেন, সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুর রহীম, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মায়েদেরকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।








