আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে শীতের আমেজ বাড়তেই স্থানীয়ভাবে শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরির ব্যস্ততা। ভোরের কুয়াশা ভেদ করে খেজুরগাছ থেকে ঝরা টাটকা রস নিয়ে চুলার পাশে কাজ শুরু করছেন গাছি ও কৃষকেরা। ধোঁয়ায় ভরা খড়ির চুলায় রস জ্বাল দেওয়ার দৃশ্য যেন শীতের বার্তা বয়ে আনে।
গুড় তৈরির কারিগররা জানান, প্রতিদিন ভোরে রস সংগ্রহ করে দুপুর থেকে রাত পর্যন্ত জ্বাল দিয়ে তৈরি করা হয় খাঁটি পাটালি ও দানাদার গুড়। শীতের শুরুতেই বাজারে উঠেছে নতুন গুড়, আর তা কিনতে স্থানীয়দের মাঝে দেখা গেছে আগ্রহ। স্থানীয়রা বলছেন, প্রতি বছর শীত নামলেই খেজুরের রস ও গুড় তৈরির এই কর্মযজ্ঞে নতুন প্রাণ ফিরে পায় গ্রামাঞ্চল।
নাটোরের লালপুর থেকে আসা মো. জিল্লুর রহমান বলেন, এখানে গাছ আছে ৮০০ থেকে পনে ৮০০ (৭৫০) গাছ। রস ১০০ টাকা লিটার আর গুড় ৩০০ টাকা কেজি বিক্রি করি। এগুলো সুস্বাদু ও খাঁটি। এই গুড় এখন শুধু স্থানীয় বাজারেই নয়—পাশের জেলাগুলোতেও পাঠানো হচ্ছে।








