ব্যুরো চীফ, খুলনা
খুলনায় ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবিতে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকে অর্ধদিবস কর্মবিরতি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্যাংকলরি বন্ধ রেখে মালিকরা এ কর্মসূচি পালন করেন। সকালে খালিশপুর কাশিপুর এলাকায় পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপোতে ট্যাংকলরিতে জ্বালানি তেল উত্তোলন না করে গেটের সামনে রেখে কর্মবিরতি শুরু হয়। এছাড়া বিএল কলেজ রোড, বিআইডিসি রোডসহ কাশিপুর ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে ট্যাংকলরি রেখে অবস্থান করেন তারা। ফলে খুলনার তিনটি জ্বালানি তেল ডিপো—পদ্মা, মেঘনা ও যমুনা—থেকে তেল উত্তোলন ও বিপণন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
এদিকে, এই আন্দোলনের ফলে খুলনাসহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। খুলনা ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক শেখ সাদী এবং খুলনা বিভাগের ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মীর মোকসেদ আলী জানান, এক সপ্তাহের জন্য প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্যাংকলরিতে জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ থাকবে। পরবর্তীতে দ্বিতীয় সপ্তাহে দুপুর ২টা পর্যন্ত এ কর্মবিরতি চলবে। এরপর দাবি পূরণ না হলে ৫ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে ট্যাংকলরিযোগে জ্বালানি তেল পরিবহন বন্ধ থাকবে।
দাবিগুলোর মধ্যে রয়েছে—
- ট্যাংকলরি ভাড়া বৃদ্ধি
- সেবা গ্রহণকারী কর্তৃক ভ্যাট প্রদানের ঘোষণা গেজেটে প্রকাশ
- সকল ট্যাংকলরির জন্য আন্তজেলা রুট পারমিট
- রাস্তায় চলার যোগ্য হলেই ফিটনেস প্রদান
- ট্যাংকলরির ইকোনমিক লাইফ ৩৫ বছর নির্ধারণ, অর্থাৎ ১৯৯০ সাল পর্যন্ত তৈরি এবং ১৯৯০ সালে রেজিস্ট্রেশন করা সকল ট্যাংকলরিকে প্রাথমিকভাবে রাস্তায় চলার বৈধতা প্রদান
প্রমুখ।








