জাহিদুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী)
রাজশাহীর দুর্গাপুরে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হলো বিএনপির এক বিশাল জনসমাবেশ। উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ–সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মীর স্রোতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমন আহমেদ সুমনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. এস এম আকবর আলী বাবলু। তিনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার রক্ষা ও রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার এখন সময়ের অপরিহার্য দাবি। ৩১ দফা বাস্তবায়ন হলে জনগণের অধিকার প্রতিষ্ঠার নতুন দিগন্ত উন্মোচিত হবে।”
একইসঙ্গে তিনি রাজশাহী-৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনের প্রাথমিকভাবে মনোনীত বিএনপি প্রার্থীর সমালোচনা করে বলেন, “তিনি জনগণ থেকে বিচ্ছিন্ন একজন নেতা। তিনি চূড়ান্তভাবে মনোনয়ন পেলে দল এই আসনে হারের ঝুঁকিতে পড়বে।”
সমাবেশে পাঁচ মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জিল্লুর রহমান এবং বিএনপি নেতা মোক্তার হোসেন মন্টু। তারা বলেন,
১৬ নভেম্বর পুঠিয়ার বীরালদহ এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের বিরুদ্ধে যে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে, তা “বিএনপি রাজনীতিতে নজিরবিহীন ঘটনা” হিসেবে ইতিহাসে থাকবে।
তারা অভিযোগ করেন,
“গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যাঁরা তৃণমূলের আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন, তাঁদের উপেক্ষা করে অধ্যাপক নজরুল ইসলামকে মনোনয়ন দেওয়ায় সাধারণ নেতাকর্মীরা ক্ষুব্ধ। আমরা এই মনোনয়ন অবিলম্বে বাতিলের দাবি জানাই।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন—
পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল আজিজ মণ্ডল,
সাবেক উপজেলা যুবদলের আহ্বায়ক চয়ন উদ্দিন শেখ,
যুবদল নেতা শফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তারা বলেন,
“আগামী আন্দোলন সফল করতে তৃণমূলের ঐক্য অপরিহার্য। কিন্তু রাজশাহী-৫ আসনে মনোনীত ব্যক্তি তৃণমূলের কারও সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ রাখেননি। তাঁর প্রার্থিতা বজায় থাকলে দল বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে।”
সমাবেশস্থলে দুর্গাপুর ও পুঠিয়ার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল–স্লোগানে যোগ দিলে পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে। বক্তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে চলমান আন্দোলনকে আরও শক্তিশালী করার ঘোষণা দেন।








