স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে ভর্তি। শুক্রবার মধ্যরাত ৩টা ২০ মিনিটে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। পরে সিসিইউতে নেওয়া হয় খালেদা জিয়াকে। হার্ট অ্যাটাক হয়। এরপর এনজিওগ্রাম করা হয়। খালেদা জিয়ার হার্টে একটি ব্লক ছিল ৯৫ শতাংশ, রিং পরানো হয়েছে।
আজ শনিবার দুপুরে জরুরিভিত্তিতে তার এনজিওগ্রাম করা শুরু হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘খালেদা জিয়ার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। তার হার্টে বেশ কয়েকটি ব্লক ধরা পড়ে। তার মধ্যে একটি ব্লক ছিল ৯৫ শতাংশ। সেটিতে রিং পরানো হয়েছে।’ দুপুর ১টা ৩৫ মিনিটে তিনি বলেছিলেন, ‘ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার এনজিওগ্রাম করা হবে। বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’
এরআগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ‘চিকিৎসকরা যে পরীক্ষা-নিরীক্ষা করেছেন, তাতে দেখা গেছে আগের দিন (বৃহস্পতিবার) বিকেলে থেকে তার (খালেদা জিয়া) হার্টে কিছু সমস্যা দেখা দেয়। উনি চাপা স্বভাবের, এ বিষয়ে কাউকে কিছু বলেননি। চিকিৎসকরা (শুক্রবার) সন্ধ্যায় যখন চেক করতে গিয়েছেন তখন তারা দেখেছেন তার সমস্যা হয়েছে। পরে চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়ে হাসপাতালে নিয়ে এসেছেন।’

‘তার (খালেদা জিয়া) শারীরিক অবস্থা এখন স্টেবল (স্থিতিশীল) আছে। এনজিওগ্রাম করার পরে বোঝা যাবে তার সমস্যা কতটা জটিল। এমনিতেই তো দেশনেত্রী গুরুতর পেসেন্ট। বিভিন্ন সমস্যার মধ্যে আবার হার্টের সমস্যা, এটা নিঃসন্দেহে জটিল। আমরা আশাবাদী তিনি আগের মতো কাটিয়ে উঠবেন এবং সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।’
খালেদা জিয়ার মাইল স্ট্রোক হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে তিনি জানান, ‘আমি এ বিষয়ে এখনই কিছু বলতে পারবো না। পরীক্ষা-নিরীক্ষার পরে বিষয়টি জানা যাবে। আর এ বিষয়ে চিকিৎসকরাই আপনাদেরকে ভালো বলতে পারবেন। আমি চিকিৎসকদের সঙ্গে আলাপ করে যতটুকু জেনেছি, সেটুকু আপনাদেরকে জানালাম। তিনি বর্তমানে সিসিইউতে আছেন। চিকিৎসকরা বোর্ডে বসার পর সিদ্ধান্ত নিবেন তার চিকিৎসার বিষয়ে।’
মধ্যরাতে খালেদা জিয়া হঠাৎ অসুস্থবোধ করেন। রাত ২টা ৫৫ মিনিটে তাঁকে নিয়ে গুলশানের বাসভবন থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেওয়া হয়। খালেদা জিয়াকে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে ভর্তি করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারা এ সময় হাসপাতালে ছিলেন।








