স্টাফ রিপোর্টার ॥ সিলেটে বন্যার কারণে ১৯ জুন শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা স্থগিত ঘোষনা করা হয়েছে। শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়ে এক বিজ্ঞপ্তি পাঠিয়েছেন। এতে বলা হয়, এসএসসি ও সমমানের পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে।
শুধুমাত্র সিলেট অঞ্চলের বন্যায় তলিয়ে যাওয়া প্রাথমিক ও মাধ্যমিকের ২৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ করা হয়েছিল। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তলিয়ে যাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েই চলে। বন্যার পানির কারণে এখানকার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তৈরি হয় উদ্বেগ-উৎকণ্ঠা। অনেকে পরীক্ষা স্থগিতের দাবি জানিয়ে আসছিলেন।
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সিলেট ও সুনামগঞ্জের বেশ কয়েকটি উপজেলা বন্যার পানিতে ডুবে গেছে। আজ শুক্রবার সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বানভাসি মানুষকে উদ্ধারে কাজ শুরু করছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়াও ভারী বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রামে ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।








