স্টাফ রিপোর্টার : কোভিড-১৯ পরিস্থিতিতে দীর্ঘদিন বিরতি হয়েছে। সরাসরি সংবাদ সম্মেলন করেননি। বুধবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংবাদ সম্মেলন করবেন তিনি। সোমবার প্রধানমন্ত্রীর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ জুন, বুধবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস কনফারেন্স করবেন। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী কথা বলবেন বলে প্রেস উইং সূত্রে জানা গেছে। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বুধবার অনুষ্ঠিতব্য এ সংবাদ সম্মেলনে বাধ্যতামূলকভাবে কোভিড নেগেটিভ সনদসহ আগত অথিতিদের উপস্থিত থাকার অনুরোধ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বলছে, দেশের বন্যা পরিস্থিতি, পদ্মা সেতু উদ্বোধন ও সীতাকুণ্ডসহ দেশে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা সংবাদ সম্মেলনে উঠে আসবে। আগামী ২৫ জুন সকাল ১০টায় মাওয়া প্রান্তে সুধী সমাবেশ করে পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন নামফলক উন্মোচন করে টোল দিয়ে পদ্মা সেতু পার হবেন তিনি। এরপর অন্য প্রান্তেও নামফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন বিকেলে মাদারীপুর শিবচরে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি।
মঙ্গলবার (২১ জুন) সিলেটে যাবেন প্রধানমন্ত্রী। বন্যাদুর্গত এলাকায় যাবেন। টানা ভারী বর্ষণ এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জসহ দেশের অনেক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সিলেট-সুনামগঞ্জে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে। অনেক এলাকার সঙ্গে সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেক মানুষ পানিবন্দি অবস্থায় আটকে আছে। প্রয়োজনীয় খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র অভাব দেখা দিয়েছে বন্যাদুর্গত এলাকায়। হাসপাতাল ও ক্লিনিকগুলোতে পানি প্রবেশ করায় সেবাদান বাধাগ্রস্ত হচ্ছে। শহর ও গ্রামের প্রায় সব সড়ক পানির নিচে ডুবে আছে। এ এলাকাগুলো পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।








