,

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ মারা গেছেন : প্রধানমন্ত্রীর শোক

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ মারা গেছেন : প্রধানমন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ মারা গেছেন। আজ বুধবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নির্মল রঞ্জন গুহের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী ও ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করে বার্তায় প্রধানমন্ত্রী নির্মল রঞ্জন গুহ’র পবিত্র আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

নির্মল রঞ্জন গুহের মৃত্যুতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও এক বিবৃতিতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি নির্মল রঞ্জন গুহ’র আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

গত ১২ জুন রোববার রাতে রক্তচাপ বেড়ে গেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নির্মল রঞ্জন গুহ। পরে দ্রুত তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। তার হার্টে দু’টি ব্লক ধরা পড়লে রিং বসানো হয়। কিন্তু অবস্থার অবনতি ঠেকানো যায়নি। এরপর গত ১৬ জুন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। এর আগেও তিনি হার্টের সমস্যায় ভারতে গিয়ে চিকিৎসা নিয়েছিলেন। ২০২০ সালের জুনে শেষ সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন নির্মল রঞ্জন গুহ।

ছাত্রলীগ দিয়ে রাজনীতিতে পথচলা নির্মল রঞ্জন গুহের। ছাত্রজীবনে তিনি নয়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। পরে স্বেচ্ছাসেবক লীগের রাজনীতিতে যুক্ত হন। তিনি ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন আহবায়কের দায়িত্ব পালন করেন। পরে সভাপতি হন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ